ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - করিম বেনজামা ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুই অর্ধের দুই গোলে সোমবার ভালকাস স্টেডিয়ামে রায়ো ভালেকানোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় পাঁচ খেলায় হোসে মরিনহোর শিষ্যদের এটি দ্বিতীয় জয়।
৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।
অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে বেনজামার ১৩ মিনিটের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে রোনালদো ব্যবধান বাড়ানোর আগে জাবি আলানসো সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ প্রতিহত করেন।
গত মৌসুমে লিগে দুই ম্যাচে হারা রিয়াল এবার প্রথম চার ম্যাচেই দুবার হেরেছে, গেটাফেতে ২-১ ও সেভিয়ায় ১-০ গোলে।
সমান এগারো পয়েন্ট নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রিয়াল মায়োর্কা, মালাগা ও সেভিয়া। বুধবার রিয়াল বেটিসের বিপক্ষে খেলতে নামা অ্যাথলেতিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে।
সোমবারের অপর খেলায় লা লিগায় ফিরে আসা ডিপার্টিভো লা করুনাকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়া।
রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৫২ ম্যাচে ১৫২ গোল করা রোনালদো ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া না করলে আরো বড় ব্যবধানেই জিততে পারতো রিয়াল।
ম্যাচ শেষে মরিনহো বলেন, “গেটাফে ও সেভিয়ার বিপক্ষেও যদি আমরা এমন খেলতাম তা হলে সেই ম্যাচ দুটিও জিততে পারতাম।”
“আমরা কী এর চেয়েও ভালো খেলতে পারি? হ্যাঁ, আমরা এর চেয়েও ভালো খেলতে পারি। প্রতিপক্ষ অনেক চাপ তৈরি করলেও বা অনেক দৌড়াদৌড়ি করে সমস্যায় ফেললেও আমরা এর চেয়ে ভালো খেলতে পারি,” যোগ করেন তিনি।
রোববার ফ্লাডলাইট সমস্যার কারণে ম্যাচ এক দিন পিছিয়ে দেয়ায় সোমবার মাঠে নামে রায়ো ভালেকানো-রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৪১ ঘ.
bdnews24