২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের জন্য আরো প্রস্তুতি ম্যাচ

নেপাল সফরের পর জাতীয় ফুটবল দলের সামনে আরো কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ার জোরালো সম্ভাবনা। জাতীয় দলের জন্য দেশে এবং দেশের বাইরে মিলিয়ে অন্তত চারটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপাল সফরের পর জাতীয় ফুটবল দলের সামনে আরো কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ার জোরালো সম্ভাবনা। জাতীয় দলের জন্য দেশে এবং দেশের বাইরে মিলিয়ে অন্তত চারটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী নভেম্বর বা ডিসেম্বরে বেলারুশের ক্লাব মিনস্ক ডায়নামো ঢাকায় আসতে পারে। এছাড়া থাইল্যান্ড ও নেপাল জাতীয় দলকে ঢাকায় নিয়ে আসা এবং শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। ফিফার বিপণন কমিটির সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশে রওনা দেয়ার আগে সোমবার এ কথা জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফিফার বিপণন কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, “গত ডিসেম্বরে দিল্লি¬ সাফ ফুটবলে বাংলাদেশ দলের বাজে ফল আমাকে ভীষণ কষ্ট দিয়েছিলো। নেপালে একমাত্র ম্যাচে জিততে না পারলেও ফুটবলারদের পারফরম্যান্স আমাকে আবার আশাবাদী করে তুলেছে। তাই জাতীয় দলের জন্য আমাদের এই সব পরিকল্পনা।” বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই নেপাল জাতীয় দলকে ঢাকায় নিয়ে আসার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ সালাউদ্দিন। তিনি বলেন, “কথা দিলাম যেভাবেই হোক নেপালকে ঢাকায় আনবোই। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই ঢাকায় নিয়ে আসবো তাদের। এ ব্যাপারে দু-একদিনের মধ্যেই নেপাল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলবো।” আগামী নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে অনূর্ধ্ব-২৩ দল। সার্ক অঞ্চলের দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দল নিয়ে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত একটি টুর্নামেন্টে অংশ নেবে তারা। অন্যদিকে জাতীয় দল যাবে থাইল্যান্ডে। সেখানে থাইল্যান্ড জাতীয় দলের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ঢাকায় দুদলের মধ্যে হবে ফিরতি ম্যাচ। ম্যাচ দুটির তারিখ অবশ্য এখনো ঠিক হয়নি। আশিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইন্দোনেশিয়ায় জাতীয় দলকে পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন সালাউদ্দিন। এই সফর হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বরে। এই প্রস্তুতি ম্যাচগুলোর প্রধান উদ্দেশ্য এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ভালো করা। আগামী ২৫ অক্টোবর এই প্রতিযোগিতার ড্র হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৪ঘ.