ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্লাডলাইট সমস্যার কারণে রোববার স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ-রায়ো ভালেকানো ম্যাচটি হতে পারেনি। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
ভালেকানো কর্মকর্তাদের দাবি, তাদের ভালেকাস স্টেডিয়ামে ‘অন্তর্ঘাত’-এর কারণে খেলা হতে পারেনি। স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
তবে ভালেকানোর সভাপতি রাউল মার্টিন প্রেসা জানান, একজন ব্যক্তি কয়েকটি বাতির তার কেটে ফেলায় ফ্লাডলাইট জ্বলেনি।
এক সংবাদ সম্মেলনে প্রেসা বলেন, “অসংখ্য ভক্ত বাইরে অপেক্ষা করছেন। আশা করি তারা বিষয়টি বুঝতে পারবেন। কারণ এটি ক্লাবের নিয়ন্ত্রণের বাইরে।”
“তারা রোমাঞ্চকর কিছু দেখার আশায় এসেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে আজ (রোববার) রাতে বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে তাদের প্রিয় দলের খেলা দেখা হচ্ছে না,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩৫ঘ.
bdnews24