২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ সঙ্কটে জর্জরিত বাফুফে

মাঠ সঙ্কট ফুটবলের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ছাড়া আর কোনো মাঠ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠ সঙ্কট ফুটবলের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ছাড়া আর কোনো মাঠ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাতে। আর তাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পাইওনিয়ার লিগ নিয়মিত আয়োজন করা সম্ভব হচ্ছে না। আর্থিক সমস্যার কারণে নতুন মাঠও তৈরি করতে পারছে না বাফুফে। কমলাপুর স্টেডিয়ামে গত ১৫ দিন কোনো খেলা হয়নি। মাঠের অবস্থা তাই আগের চেয়ে ভালো। ঘাস কাটলেই এই মাঠ খেলার উপযোগী হয়ে যাবে। আগামী ১ অক্টোবর থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে প্রথম বিভাগ ফুটবল লিগ। মহিলা ফুটবলও হবে এখানে। সেই সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলাও হবে এই মাঠে। একটি মাঠে এতো খেলা হলে তার অবস্থা খারাপ হয়ে পড়ারই কথা। ইস্ট এন্ড ক্লাব মাঠ ও খিলক্ষেতে নৌবাহিনীর মাঠ ঠিক-ঠাক করে খেলা আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু অর্থের অভাবে শেষ পর্যন্ত তাও সম্ভব হচ্ছে না। ইস্ট এন্ড ক্লাব কর্তৃপক্ষ বাফুফেকে তাদের মাঠটি ছেড়ে দিতে রাজি ছিল। মাটি ফেলে নতুন ঘাস লাগিয়ে খেলার উপযুক্ত করতে সময় লাগতো ২ মাস। খরচ হতো ৪/৫ লাখ টাকা। কিন্তু এই টাকাই জোগাড় করা যাচ্ছে না! বাফুফের মাঠ কমিটির সভাপতি ফজলুর রহমান বাবুল তাই ভীষণ হতাশ। তিনি বলেন, “আর্থিক সমস্যার কারণে আমরা অনেক কিছু করতে পারছি না। এই সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপও নেয়া হচ্ছে না।” বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অবস্থাও ভালো নয়। এ ব্যাপারে বাবুল বলেন, “বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে দুটি পরিকল্পনা ছিল আমাদের। ৬-৭ লাখ টাকা খরচ করলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ও মাঠে উন্নত মানের ঘাস লাগানো যেতো। হাতে সময়ও ছিল। কিন্তু সেটাও করতে পারিনি আমরা।” এদিকে নৌবাহিনীর মাঠ নিয়ে গত ৬ মাস ধরে চিঠি চালাচালি করছে বাফুফে। এর মধ্যে কয়েক দফা মাঠ পরিদর্শন করেও এসেছেন কর্মকর্তারা। মাঠের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থার তালিকাও করা হয়েছে। কিন্তু নিজেদের সীমাবদ্ধতার কারণে বেশি দূর এগোতে পারেনি বাফুফে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩১ঘ.