ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া লিগের জন্য বিদেশী খেলোয়াড় আনার ক্ষেত্রে একটা নীতিমালা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশোধিত ভিসা নীতিমালা ২০০৭ এর আলোকে একজন বিদেশী খেলোয়াড়কে বাংলাদেশে আসতে হলে কমপক্ষে ৬ মাসের ভিসা নিয়ে আসতে হবে।
অবশ্য এতোদিন বেশিরভাগ ক্ষেত্রেই ‘অন অ্যারাইভ্যাল ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতেন বিদেশী খেলোয়াড়রা। এখন থেকে আর এই সুযোগ পাবেন না তারা। ক্লাবগুলোকেও খেলোয়াড় আনার ক্ষেত্রে নীতিমাল মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন উইং এই বিষয়ে বাফুফে সভাপতি বরাবর চিঠিও দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ভিসা নীতিমালা অনুযায়ী কোন বিদেশী খেলোয়াড়ের ‘অন অ্যারাইভ্যাল ভিসা’ প্রাপ্য নয়। ভ্রমণ ভিসায় এসেও লিগে খেলতে পারবে না তারা।
বিশেষ পুলিশ সুপার (এস.বি) নাফিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এর কারণ উল্লেখ করা হয়, বিদেশী খেলোয়াড়রা ‘অন অ্যারাইভ্যাল ভিসা’ ও ভ্রমণ ভিসা নিয়ে ঢাকায় এসে মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছেন এবং ভিসার মেয়াদ জাল করছেন।
তাছাড়া তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপেও লিপ্ত হচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। তারা ড্রাগ ব্যবসা, মুদ্রা জাল ও দেহ ব্যবসার মতো অপরাধেও জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছে এসবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ.
bdnews24