ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল বিশ্বকাপের এশিয় অঞ্চলের বাছাই পর্বে জয় পেয়েছে জাপান। ইরান ও অস্ট্রেলিয়া হেরে গেছে, উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়া।
‘বি’ গ্র“পের জাপান রায়োচি মায়েডার একমাত্র গোলে হারিয়েছে ইরাককে। খেলার ২৫ মিনিটে গোলটি করেন রায়োচি। ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জাপান। ৩ খেলায় দুই পয়েন্ট নিয়ে চার নম্বরে ইরাক।
গ্র“পের অন্য খেলায় অঘটনের শিকার অস্ট্রেলিয়া। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আব্দেল ফাত্তাহর গোলে এগিয়ে যায় জর্ডান। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমের ডীব। ৮৬ মিনিটে অস্ট্রেলিয়ার পক্ষে স্বান্ত্বনা সূচক গোলটি করেন আর্চি থম্পসন।
এই জয়ের ফলে অস্ট্রেলিয়া-ইরাককে টপকে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে জর্ডান। সমান খেলায় দুই পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ফিফার ২০তম র্যাংকিংয়ের দল অস্ট্রেলিয়া।
১৬ অক্টোবর ওমান-জর্ডান ও ইরাক-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে।
‘বি’ গ্র“পে রোডা অন্তারের একমাত্র গোলে ইরানকে হারিয়েছে লেবানন। ২৮ মিনিটে দলের পক্ষে জয় সূচক গোলটি করেন আন্তার। এ জয়ের পরও ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লেবানন। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে দুইয়ে আছে ইরান।
গ্র“পের অন্য খেলায় ১৩ মিনিটে দক্ষিণ কোরিয়ার সুং-ইউয়েং কির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। প্রথমার্ধের শেষ সময়ে কেওয়াক তায়ে-হউইর গোলে ১-১ সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লি ডং-গুকের গোলে ২-১ এগিয়েও যায় অতিথি দলটি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারে নি দলটি। ৫৯ মিনিটে শানজার তুরসুনভের গোলে ২-২ সমতা ফেরায় স্বাগতিকরা। পরের ত্রিশ মিনিটের বেশি সময় চেষ্টা করেও কোনো দল গোল করতে পারে নি।
৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে তলানীতে উজবেকিস্তান।
১৬ অক্টোবর কাতার-উজবেকিস্তান ও ইরান-দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫৭ ঘ.
bdnews24