২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে সেরেনা, আজারেঙ্কা

ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন অলিম্পিক সোনা জয়ী সেরেনা উইলিয়ামস ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেমিফাইনালে সেরেনা ইতালির সারা এরানি ও আজারেঙ্কা মারিয়া শারাপোভাকে হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 04:45 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন অলিম্পিক সোনা জয়ী সেরেনা উইলিয়ামস ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেমিফাইনালে সেরেনা ইতালির সারা এরানি ও আজারেঙ্কা মারিয়া শারাপোভাকে হারিয়েছেন। দারুণ এক গ্রীষ্ম কাটছে অনেকের মতে তার সময়ের সেরা খেলোয়াড় সেরেনার। সেমিফাইনালে দশম বাছাই সারাকে ৬-১ ও ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। ফ্ল্যাশিং মিডোতে শারাপোভার কাছে প্রথম সেট ৩-৬ গেমে হেরে গেলেও পরের দুই সেট ৬-২ ও ৬-৪ গেমে জেতা আজারেঙ্কাও আছেন দারুণ ছন্দে। গত জুলাইয়ে উইম্বলডনে পঞ্চম শিরোপা জেতার পর লন্ডন অলিম্পিকে একক ও দ্বৈতে সোনা জেতেন সেরেনা। ম্যাচ শেষে সেরেনা বলেন, “এটাই সম্ভবত আমার সেরা গ্রীষ্ম। অলিম্পিক, উইম্বলডনের পর এখানেই জিততে পারলে তা হবে দারুণ ব্যাপার। পুরো বছর ধরেই ধারাবাহিক বেলারুশের আজারেঙ্কা। ফাইনালে তার সামনে কী অপেক্ষা করছে সেই সম্পর্কেও সম্পূর্ণ সজাগ তিনি। এর আগে দশবার সেরেনার মুখোমুখি হয়ে নয়বারই হেরেছেন জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জেতা আজারেঙ্কা। তিনি বলেন, “সেরেনাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ফাইনালে তার বিপক্ষে খেলা আরো কঠিন।” অন্যদিকে পুরো ম্যাচে ভালো খেলেও আজারেঙ্কার কাছে হেরে যাওয়ায় ভীষণ হতাশ শারাপোভা। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি তাকে অনেক ফ্রি পয়েন্ট দিয়েছি। আমার সামনেও সুযোগ এসেছিল, কিন্তু সেগুলো আমি কাজে লাগাতে পারিনি।” ফাইনালে যে তিনজন খেলোয়াড়ের কাছে হারের অভিজ্ঞতা রয়েছে সেরেনার তাদের একজন শারাপোভা। ফাইনালের আগে আজারেঙ্কাকে উৎসাহই দিয়েছেন তিনি। “ফাইনালে প্রত্যেকেই ফেভারিট। তারা কতটা আত্মবিশ্বাসী তা কোনো ব্যাপার নয়, প্রত্যেকেরই একটা সুযোগ থাকে,” বলেন শারাপোভা। “তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড়, তাই তার সুযোগ না থাকার কোনো কারণ নেই,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১৬ ঘ.