ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপাল সফর উপলক্ষে জাতীয় ফুটবল দলের অনুশীলন প্রথম দিনেই বাধাগ্রস্ত। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আরামবাগ বালুর মাঠে অনুশীলন করতে পারেননি ফুটবলাররা।
স্থানীয় জনগণ তাদের বালুর মাঠে প্রবেশ করতে দেননি। বাধ্য হয়ে ফুটবলাররা বাফুফে ভবনের সামনের ছোট মাঠে অনুশীলন করেন।
এই খবর পেয়ে ছুটে আসেন ‘ন্যাশনাল টিমস’ কমিটির দুই কর্মকর্তা জসিমউদ্দিন জসি ও সত্যজিৎ দাস রুপু। কিন্তু দুই সাবেক তারকা ফুটবলারের উপস্থিতিও সমস্যার সমাধান করতে পারেনি।
সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “আমরা তাদের (স্থানীয় মানুষকে) আগে থেকে জানালে হয়তো এমনটা হতো না। যোগাযোগের ব্যবধানের কারণেই এমন ঘটনা ঘটেছে।”
“অনুশীলনের জন্য আমাদের অনেকগুলো মাঠ আছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বুয়েট মাঠ আমাদের জন্য প্রস্তুত রয়েছে,” যোগ করেন রুপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩২৫ঘ
bdnews24