২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই কিউপিআরের সঙ্গে আবার জয় ম্যান সিটির

গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে মাইকনকে পাওয়ার আনন্দ উপভোগ করতে-করতেই আরেকটি জয় উদযাপন করলো ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যান সিটি ৩-১ গোলে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে মাইকনকে পাওয়ার আনন্দ উপভোগ করতে-করতেই আরেকটি জয় উদযাপন করলো ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যান সিটি ৩-১ গোলে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। গত মৌসুমের শেষ দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সকে (সংক্ষেপে কিউপিআর) ইনজুরি সময়ের দুই গোলে হারিয়েই ৪৪ বছর পর ম্যান সিটির লিগ শিরোপার উচ্ছ্বাসে ভেসে যাওয়া। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ‘প্রিয়’ প্রতিপক্ষের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রবার্তো মানচিনির দলকে। ১৬ মিনিটে ইয়াইয়া তোরের জোরালো শট এগিয়ে দেয় স্বাগতিকদের। ৫৯ মিনিটে ববি জামোরা কিউপিআরকে সমতায় ফেরালেও তার দুই মিনিট পরই এডিন জেকো আবার এগিয়ে দেন ম্যান সিটিকে। ইনজুরি সময়ে জয় নিশ্চিত করা গোলটি কার্লোস তেভেজের। ইংলিশ চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত সহজ জয় পেলেও টটেনহাম হটস্পার আবার ড্র করেছে। এবারের ইপিএল হার দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ড্র করেছিলো টটেনহাম। শনিবার ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে নরউইচ সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সমর্থকদের দুয়ো পর্যন্ত শুনতে হয়েছে ইংল্যান্ডের ফুটবলাঙ্গনে ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহামকে। ৬৮ মিনিটে টটেনহামের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই মুসা ডেম্বেলের গোল ৮৫ মিনিটে শোধ করে নরউইচকে একটি মূল্যবান পয়েন্ট এনে দেন রবার্ট øডগ্রাস। ইপিএলে শনিবারের অন্যান্য ম্যাচে ওয়েস্ট হাম ৩-০ গোলে ফুলহামকে ও ওয়েস্ট ব্রমউইচ ২-০ গোলে এভারটনকে হারিয়েছে এবং সোয়ানসি সিটি-সান্ডারল্যান্ড ও উইগান-স্টোক সিটি ড্র করেছে। দুটি ম্যাচেরই ফল ২-২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৫৬ঘ.