২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল সফরে জাতীয় দলের কোচ টিটু

আসন্ন নেপাল সফরে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু। এই সফরে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন নেপাল সফরে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু। এই সফরে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ১৬ সেপ্টেম্বর নেপাল যাবে বাংলাদেশ দল। ১৮ সেপ্টেম্বর নেপাল জাতীয় দলের বিপক্ষে খেলবে তারা। ২০ সেপ্টেম্বরের ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। শনিবার ন্যাশনাল টিমস কমিটির সভাপতি ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, “স্বল্প মেয়াদের জন্য আমরা টিটুকে কোচ নির্বাচন করেছি। রোববার থেকে ফুটবলারদের অনুশীলন করাবেন তিনি।” ২০১০ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে অংশ নেয়া বাংলাদেশ দলের কোচ ছিলেন টিটু। এর আগে শহিদুর রহমান সান্টু এবং ক্রোয়াট কোচ রবার্ট রুবচিচের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। তার কোচিংয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে চমকে দেয় বাংলাদেশ। সে সময় টিটু ছিলেন বাফুফের বেতনভুক্ত কোচদের একজন। এরপর ২০১১ সালের শুরুর দিকে বাফুফের চাকরি ছেড়ে দেন তিনি। গত মৌসুমের শুরুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ ছিলেন টিটু। শেখ জামালকে নেপালের একটি টুর্নামেন্ট এবং ফেডারেশন কাপের শিরোপা এনে দিলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে তার ওপর আস্থা রাখেনি ক্লাবটি। মাত্র দুই ম্যাচ পরই বরখাস্ত করা হয় তাকে। নেপাল সফরে জাতীয় দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত টিটু। তিনি বলেন, “জাতীয় দলের হয়ে কাজ করা অনেক সম্মানের। দেশকে কিছু দেয়ার সুযোগ পেয়ে আমি খুশি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৯ঘ.