২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরিখে বোল্ট-ব্লেকের সাফল্য

জুরিখে ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে নিজেদের ইভেন্টে জয় পেয়েছেন উসাইন বোল্ট ও ইয়োহান ব্লেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুরিখে ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে নিজেদের ইভেন্টে জয় পেয়েছেন উসাইন বোল্ট ও ইয়োহান ব্লেক। লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে ব্লেককে হারিয়েই সোনা জিতেছিলেন বোল্ট। তবে এরপর ট্র্যাকে আর মুখোমুখি হননি দুজনে। গত সপ্তাহে লুসানের মতো বৃহস্পতিবার রাতে জুরিখেও বোল্ট ২০০ আর ব্লেক ১০০ মিটারে অংশ নিয়েছেন। এবং অনুমিতভাবে দুজনেই জয় পেয়ে উল্লাসে ভাসিয়ে দিয়েছেন দর্শকদের। তবে ২০০ মিটারে স্বদেশের নিকেল অ্যাশমেইডের সঙ্গে ভালোই লড়তে হয়েছে বিশ্বের দ্রুততম মানব বোল্টকে। শেষ ৫০ মিটার নিজেকে উজাড় করে দিয়ে জ্যামাইকার গতি-সম্রাট জিতেছেন ১৯.৬৬ সেকেন্ডে। এই ইভেন্টে তৃতীয় এবং চতুর্থও দুই জ্যামাইকান - জেসন ইয়াং ও ওয়ারেন ওয়েইয়ার। ১০০ মিটারে ব্লেকের কাজ সহজ করে দিয়েছে টাইসন গে’র ফলস স্টার্টের কারণে ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়া। লুসানে ইতিহাসের তৃতীয়-সেরা টাইমিং করা ব্লেক বৃহস্পতিবার সময় নিয়েছেন ৯.৭৬ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন আরেক জ্যামাইকান নেস্তা কার্টার, তৃতীয় যুক্তরাষ্ট্রের রায়ান বেইলি। বোল্ট-ব্লেক জিতলেও বিস্ময়করভাবে ব্যর্থ লন্ডন অলিম্পিকে ৮০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়া কেনিয়ার ডেভিড রুদিশা। ইথিওপিয়ার মোহাম্মদ আমানের কাছে হেরে গেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৫৭ঘ.