২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ভোটে ইনিয়েস্তা সেরা

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দুই মহাতারকাকে পেছনে ফেলে ইউরোপের গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দুই মহাতারকাকে পেছনে ফেলে ইউরোপের গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বৃহস্পতিবার রাতে মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে ৫৩ জন সাংবাদিকের ভোটে ইনিয়েস্তা জিতেছেন পুরস্কারটা। এই ৫৩ সাংবাদিক ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৩টি সদস্য দেশের নাগরিক। ইউরো ২০১২’র টুর্নামেন্ট-সেরা এবং গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়সূচক গোলদাতা ইনিয়েস্তা পেয়েছেন ১৯ ভোট। মেসি-রোনালদো দুজনেরই প্রাপ্তি ১৭ ভোট। রোনালদো এবং গত মৌসুমে প্রবর্তিত পুরস্কারটি জিতে নেয়া মেসিকে এবার হারিয়ে দিতে পেরে ইনিয়েস্তা উচ্ছ্বসিত। উয়েফা সভাপতি এবং ফ্রান্সের ফুটবল-কিংবদন্তি মিশেল প্লাতিনির হাত থেকে পুরস্কার নেয়ার সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমি দারুণ সম্মানিত বোধ করছি। এই পুরস্কার উৎসর্গ করছি বার্সেলোনা ও স্পেনের সতীর্থদের। লিও (মেসি) আর ক্রিস্টিয়ানোর (রোনালদো) মতো দুই অসাধারণ ফুটবলারকে পেছনে ফেলতে পেরে গর্বও বোধ করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০১ঘ.