ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউ এস ওপেনের মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই এগনিজস্কা রাদওয়ানস্কা।
নিজের বাজে দিনেও স্পেনের মারিয়া জোসে মার্টিনেসকে ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক সোনা জয়ী চতুর্থ বাছাই সেরেনা।
টানা ১২টি স্ট্রেইট পয়েন্ট জিতে সেরেনার শুরুটা ছিল দারুণ। ৪-১ গেমে এগিয়ে যাওয়া সেরেনা এরপর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেন তিনি। ছয়টি ডাবল ফল্ট করে বেশ বিপদেই পড়েন তিনি।
দ্বিতীয় সেটে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অবশ্য শেষ হাসি মার্কিন এই তারকারই। চতুর্থ রাউন্ডের রাশিয়ার একাটেরিনা মাকেরোভার বিপক্ষে খেলবেন সেরেনা। মাকারোভা স্বদেশের এলেনা ভেসনিনাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন।
ম্যাচ শেষে তিনি বলেন, “আজকে (বৃহস্পতিবার) নিজের খেলা নিয়ে আমি সন্তুষ্ট নই।”
এর আগে বুধবার স্পেনের মার্টিনেজ সানচেজেরে বিপক্ষে খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান সেরেনা। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময় এখানে প্রথম আঘাত পান তিনি।
দ্বিতীয় বাছাই রাদওয়ানস্কা ৪-৬, ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারানোকে।
এছাড়া জয় পেয়েছেন ইতালির সারা এরানি ও রবার্তা ভিনসি, স্লোভাকিয়া ডোমিনিকা চিবুলকোভা, সার্বিয়ার আনা ইভানোভিচ ও জেলেনা জাঙ্কোভিচ এবং রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৪৯ ঘ.
bdnews24