ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেষ পর্যন্ত শুরু হয়েছে সিলেট বিকেএসপিতে বাফুফে অ্যাকাডেমির কার্যক্রম। মঙ্গলবার মূলত অবকাঠামোর উন্নয়ন কাজ দিয়েই শুরু হয়েছে এই কার্যক্রম।
অবশ্য সিলেট বিকেএসপি বাফুফে বুঝে পেয়েছে গত মার্চে। আর চুক্তি হয়েছিলো তারও আগে ২০১১ সালের ডিসেম্বরে, ৫০ হাজার টাকা মাসিক ভাড়ায়।
এই কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ফিফার কাছ থেকে ৩ লাখ ডলার পেয়েছে বাফুফে। আরো ৪ লাখ ডলার পাওয়ার কথা রয়েছে।
অ্যাকাডেমির যে মাঠে খেলা হবে, সেই মাঠের চারদিকে ছিলো ঝোপ-জঙ্গল। আর মাঠের অবস্থাতো আরো করুণ। মাটি ভরাট না করায় অল্প বৃষ্টিতে জমে যা হাটু পানি। এমনকি চারদিকে ঝোপ-জঙ্গল থাকায় রাতে শুনা যায় শিয়ালেরও ডাক।
মঙ্গলবার এই ঝোপ-জঙ্গল পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের তত্ত্বাবোধানে জঙ্গল পরিস্কার করার জন্য নিয়োজিত করা হয়েছে ১৫-২০জন শ্রমিককে। ঘাস কাটা, ড্রেন পরিস্কার আর গর্ত ভরাটের কাজ করবে এসব শ্রমিক।
আন্তর্জাতিক মানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলতে আর্থিক, টেকনিক্যাল ও অবকাঠামো খাতের সংস্কারসহ বাফুফেকে সবধরণের সহায়তা দিচ্ছে ফিফা।
পাঁচ বছরের জন্য সিলেট বিকেএসপি পেয়েছে বাফুফে। সেখানে দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ দেয়া হবে ক্ষুদে ফুটবলারদের। বিদেশী কোচিং স্টাফ দ্বারা এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। সারাদেশ থেকে বাছাইকরা অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বছরের ৬০ জন ক্ষুদে ফুটবলার প্রথম পর্যায়ে এই অ্যাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে।
এদিকে অ্যাকাডিমের জন্য সারা দেশ থেকে খেলোয়াড় বাছাই কার্যক্রম ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। একেবারেই উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করা হবে বলে জানিয়েছে বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১১০ঘ.
bdnews24