২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রগবা-আনেলকাকে হারানোর শঙ্কা শেনহুয়ার

শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে দ্বন্দ্বের কারণে দুই তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা ও নিকোলাস আনেলকাকে বিক্রি করে দিতে বাধ্য হতে পারে চীনের ক্লাব সাংহাই শেনহুয়া। চীনের সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে দ্বন্দ্বের কারণে দুই তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা ও নিকোলাস আনেলকাকে বিক্রি করে দিতে বাধ্য হতে পারে চীনের ক্লাব সাংহাই শেনহুয়া। চীনের সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। শেনহুয়ার সভাপতি ঝু জুন ক্লাবটির ২৮.৫ শতাংশ শেয়ারের মালিক। ‘দ্য চায়না ডেইলি’ জানিয়েছে, ক্লাবের ওপরে তার আধিপত্যের দাবি মেনে নেয়া না হলে জুন শেনহুয়ার প্রতিদিনের খরচের নিজের ভাগের অংশটুকুই শুধু দেবেন। ২০০৭ সালে শেয়ার কেনার পর থেকে আরো পাঁচটি সরকারী প্রতিষ্ঠানের সঙ্গে শেনহুয়ার নিয়ন্ত্রণভার তার ওপরে। চুক্তি অনুযায়ী দুই বছরে ২ কোটি ৩৬ লাখ ডলারের বেশি বিনিয়োগ করলে শেনহুয়ায় জুনের শেয়ার বেড়ে ৭০ শতাংশেরও বেশি হওয়ার কথা। ‘দ্য ওরিয়েন্টাল স্পোর্টস ডেইলি’র তথ্য অনুযায়ী, গত সাড়ে পাঁচ বছরে ৯ কোটি ৪০ লাখ ডলারের মতো বিনিয়োগ করেছেন জুন। অথচ সরকারী প্রতিষ্ঠানগুলো কোনো বিনিয়োগ করেনি। শেনহুয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, “এটা অস্বস্তিকর এবং আমাদের অনেক কাজে এটা নেতিবাচক প্রভাব ফেলছে। সুদবিহীন স্টক সম্পর্কিত বিষয়টি শেনহুয়ার উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।” এই সমস্যার সমাধান না হলে এবং জুন ক্লাবের প্রাত্যহিক ব্যয়ের শুধু ২৮.৫ শতাংশ দিলে তা খেলোয়াড়দের বেতনের ওপরে প্রভাব ফেলবে। সেক্ষেত্রে ভবিষ্যতে দ্রগবা ও আনেলকার বেতন পরিশোধে ব্যর্থ হবে শেনহুয়া। চেলসির দুই সাবেক তারকাকে সপ্তাহে প্রায় ৩ লাখ ডলার দিতে হয়। তবে তারকাদের নিয়েও চীনা সুপার লিগে সুবিধা করতে পারছে না সাংহাই শেনহুয়া। ২৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৬ দলের মধ্যে দশম স্থানে আছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৪ঘ.