২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারিদের জন্য বাফুফের অনেক উদ্যোগ

রেফারিদের বেতন-ভাতা বাড়ানোসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 07:29 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেফারিদের বেতন-ভাতা বাড়ানোসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটি। গত মৌসুমে একজন রেফারির সর্বোচ্চ আয় ছিলো প্রায় ৫৪ হাজার টাকা। অন্যদের গড় আয় ৩০ হাজার টাকার মতো। সীমিত আয়ের পাশাপাশি মাঠে ক্ষমতা প্রয়োগ করতে না পারা রেফারিদের জন্য বড় প্রতিবন্ধকতা। ফুটবলার বা সমর্থকদের হাতে তাদের লাঞ্চিত হওয়াও নিত্তনৈমিত্তিক ঘটনা। এসব নিয়ে বাফুফে কর্মকর্তারাও চিন্তিত। ইতোমধ্যে একটা প্রস্তাবনা তৈরি করেছেন তারা। এই প্রস্তাব শিগগিরি নির্বাহী কমিটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও রেফারিজ কমিটির নবনিযুক্ত সভাপতি বাদল রায়। তিনি বলেন, “রেফারিরা বরাবরই অবহেলিত। তাদের ভালো-মন্দর ওপর দেশের ফুটবলের উন্নতি অনেকটাই নির্ভরশীল। তাই তাদের মান বাড়ানোর পাশাপাশি পারিশ্রমিক বাড়ানোও জরুরি হয়ে পড়েছে।” “যোগ্যতা অনুযায়ী রেফারিদের কয়েকটি গ্র“পে ভাগ করা হবে। এরপর তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হবে। শীর্ষ ৫ দলের ম্যাচ পরিচালনার জন্য একটি বিভাগ, আর বাকি দলগুলোর ম্যাচ পরিচালনার জন্য আরেকটি বিভাগ থাকবে,” যোগ করেন বাদল রায়। শীর্ষ দলগুলোর ম্যাচ পরিচালনা করা রেফারিরা ৫ হাজার টাকা পাবেন। গত মৌসুমে এক্ষেত্রে তারা পেতেন মাত্র এক হাজার টাকা। শুধু বেতন-ভাতা নয়, রেফারিদের ক্ষমতা বাড়ানোর কথাও ভাবছে বাফুফে। আগামী মৌসুম থেকে কোনো খেলোয়াড় রেফারির সঙ্গে তর্ক করলে তাকে কার্ড দেখানো হবে। অবশ্য ভুল করলে রেফারিদেরও শাস্তির ব্যবস্থা থাকবে। তবে এ ব্যাপারে কিছু জানাতে রাজি হননি বাদল রায় । তিনি বলেন, “রেফারিদের শাস্তির কথা প্রকাশ করা হলে খেলোয়াড়রা মাঠে এর সুযোগ নিতে পারেন। খেলা পরিচালনার ক্ষেত্রে যার প্রভাব পড়তে পারে।” রেফারিদের নিরাপত্তারও ব্যবস্থা করবে বাফুফে। অনেক সময় সিদ্ধান্ত বিপক্ষে গেলে ফুটবলার এবং সমর্থকরা রেফারিকে লাঞ্ছিত করেন। এখন থেকে বাফুফে তাদের নিরাপত্তা দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০১২৮ঘ.