ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ‘বড়’ ম্যাচে দুবার পিছিয়ে পড়েও লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোববার আর্সেনাল-স্টোক সিটির আরেক ম্যাচের ফল গোলশূন্য।
ঘরের মাঠ অ্যানফিল্ডে দুটো মারাত্মক ভুল লিভারপুলকে জিততে দেয়নি। শুরুতে কিছুটা ধীর-স্থির থাকলেও সময়ের সঙ্গে-সঙ্গে খেলার নিয়ন্ত্রণ চলে আসে স্বাগতিকদের কাছে।
বেশ কয়েকটি সুযোগ অপচয়ের পর লিভারপুলের প্রথম এগিয়ে যাওয়া ৩৪ মিনিটের সময়। অধিনায়ক স্টিভেন জেরার্ডের ক্রস থেকে স্লোভাকিয়ান ডিফেন্ডার মার্টিন স্করটেলের হেড খুঁজে পায় প্রতিপক্ষের জাল।
৬৩ মিনিটে খেলার ধারার বিপরীতে সমতায় ফেরে ম্যান সিটি। কার্লোস তেভেজের একটি বিপজ্জনক ক্রস ‘ক্লিয়ার’ করতে পারেননি লিভারপুলের গোলরক্ষক পেপে রেইনা ও ডিফেন্ডার মার্টিন কেলি। সুযোগটা কাজে লাগিয়ে স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেন ইয়াইয়া তোরে।
তবে তিন মিনিট পরই আবার উল্লাসে ফেটে পড়ে অ্যানফিল্ড। পুরো ম্যাচে অনুজ্জ্বল উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজের দুর্দান্ত ফ্রিকিক লিভারপুলের দ্বিতীয় গোলের উৎস।
কিন্তু এই গোলও ধরে রাখতে পারেনি প্রথম ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের কাছে ০-৩ গোলে উড়ে যাওয়া লিভারপুল। ইংলিশ চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলেরও জন্ম ডিভেন্সিভ ভুল থেকে।
৮০ মিনিটে স্করটেলের দুর্বল ব্যাক পাস ধরে, রেইনাকে ঠান্ডা মাথায় কাটিয়ে ম্যান সিটির অন্তত এক পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন তেভেজ। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের এটি শততম গোল।
ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর এখনো গোলের দেখা পায়নি আর্সেনাল। গত সপ্তাহে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিলো তারা।
রোববার স্টোক সিটির ব্রিটানিয়া স্টেডিয়াম থেকেও একই ফল নিয়ে ফিরতে হয়েছে আর্সেন ওয়েঙ্গারের দলকে। লুকাস পোডলস্কি, সান্তি কাজোরলাদের বেশ কয়েকটি সুযোগ নষ্টের মাশুল দিয়ে আবার দুই পয়েন্ট হারিয়েছে আর্সেনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২১ঘ.
bdnews24