ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ইউএস ওপেন। চোটের কারণে রাফায়েল নাদাল অনুপস্থিত। তবে র্যাংকিংয়ের সেরা রজার ফেদেরার ও গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের লড়াই দেখার রোমাঞ্চও কম নয় টেনিস-ভক্তদের কাছে।
এই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করতে পারেন ফাইনালে ফেদেরারকে হারিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার ৫ বার ইউএস ওপেনের শিরোপা জিতেছেন। তবে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডৌতে ইতিহাসের সফলতম পুরুষ টেনিস খেলোয়াড়ের সর্বশেষ সাফল্য চার বছর আগে, ২০০৮ সালে।
গতবার সেমিফাইনালে পাঁচ সেটের এক ম্যারাথন লড়াইয়ে জোকোভিচের কাছে হেরে যাওয়া ফেদেরার বলেন, “গত বছর আমি ভালোই বোধ করেছিলাম। কিন্তু গতবার আমার ব্যর্থতার কারণ হয়তো একটাই, সব সময় ম্যাচের নিয়ন্ত্রণ না থাকা। এবার মনে হচ্ছে ভালো খেলতে পারবো। কে জিতবে আর কে হারবে তাও হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো।”
গত বছর স্বপ্নের মতো কাটানো জোকোভিচ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও তার পর থেকেই সাফল্য বঞ্চিত। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল, উইম্বলডনের সেমিফাইনালে ফেদেরার এবং অলিম্পিকের সেমিফাইনালে মারের কাছে হেরে যাওয়ার মাশুল দিয়ে র্যাংকিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন তিনি। তবে ইউএস ওপেনের শিরোপা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ সার্ব-তারকা।
উইম্বলডনের পর অলিম্পিকেও চ্যাম্পিয়ন হওয়া সেরেনা উইলিয়ামসকে মেয়েদের এককে এগিয়ে রাখতেই হবে। শিরোপা-লড়াইয়ে সেরেনার প্রতিদ্বন্দ্বী হতে পারেন র্যাংকিংয়ে শীর্ষে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং এ বছর পুনরুজ্জীবিত মারিয়া শারাপোভা।
ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম পূরণ করা শারাপোভা অবশ্য নির্দ্বিধায় এগিয়ে রাখছেন সেরেনাকে। তিনি বলেন, “অবশ্যই সে ফেভারিট। কারণ সে টানা দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শিরোপা জিতেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৬ঘ.
bdnews24