ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বুধবার দ্বিতীয় লেগে খেলবে দুই দল।
বার্সেলোনার জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে গোলরক্ষক ভিক্টর ভালদেজের মারাত্মক ভুলে। আদ্রিয়ানোর সাদামাটা ব্যকপাস ‘ক্লিায়ার’ না করে উল্টো অ্যাঞ্জেল ডি মারিয়াকে গোল শোধ করার সহজ সুযোগ করে দেন তিনি। ৮৬ মিনিটে পাওয়া সুযোগ কজে লাগিয়ে ব্যবধান কমান অ্যাঞ্জেল ডি মারিয়া।
রিয়ালকে এগিয়ে নেয়া গোলটি ছাড়া একেবারেই অনুজ্জ্বল ছিলেন রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও স্বাগতিকদের প্রাণভোমরা ছিলেন লিওনেল মেসিই।
বার্সেলোনার নতুন কোচ টিটো ভিলানোভার এটাই প্রথম ‘এল ক্লাসিকো’। ভালদেজের ভুলকে বড় করে দেখতে রাজি নন পেপ গার্দিওলার এই সাবেক সহকারী। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা একটা দলীয় খেলা। যে কেউ ভুল করতে পারে। আমি ভুলকে কোনো গুরুত্ব দিতে চাই না।”
খেলার শুরুতে আক্রমণে যাওয়ার আগে নিজেদের গুছিয়ে নিতে মিনিট পনের সময় নেয় বার্সেলোনা। ১৫ মিনিটের মাথায় পেড্রোর মাপা নিচু ক্রস বিপদজনক অবস্থানে থাকা মেসিকে খুঁজে পেলে প্রথম সত্যিকারের সুযোগটি পায় বার্সেলোনা। মেসির জোরালো শট একটুর জন্য ঠিকানা খুঁজে না পাওয়ায় হতাশায় পুড়তে হয় স্বাগতিকদের।
এর পরের আধা ঘন্টা রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে রীতিমত ভীতি ছড়িয়েছে বার্সেলোনা। বলে পিছনে ছুটাছুটি আর রক্ষণ সামলানো ছাড়া আর কিছু ভাবারই সময় পায়নি অতিথি দলটি।
এরই ফাঁকে ২০ মিনিটে আরেকটি সুযোগ পেয়ে যান মেসি। পুরো ম্যাচে এটিই ছিল সবচেয়ে সহজ সুযোগ। ছোট বক্সের ঠিক বাইরে থেকে তার তীব্র গতির শট পার্শ্ববারের পাশ দিয়ে চলে যায় বাইরে। নয় মিনিট পর আরো একটি সুযোগ হাত ছাড়া করেন আর্জেন্টিনার ফুটবল বিস্ময়।
দুই মিনিট পর পেড্রো রড্রিগুয়েজের জোরালো শট ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের এক রাশ হতাশা উপহার দেন রিয়াল গোলরক্ষক ইকর ক্যাসিয়াস।
দ্বিতীয়ার্ধে রিয়ালের অন্য চেহারা। রক্ষাণাত্মক কৌশল থেকে বেরিয়ে এসে পাল্টা আক্রমণে যায় রিয়াল। ৫৫ মিনিটে মেসুত ওজিলের ক্রস থেকে রোনালদোর দুর্দান্ত হেড থেকে ন্যূ ক্যাম্পকে স্তব্ধ করে এগিয়ে যায় অতিথিরা।
সমতা ফেরাতে বেশি সময় নেয় নি বার্সেলোনা। কিক অফের পর হ্যাভিয়ার মাসচেরানোর লম্বা পাস থেকে পেড্রোর জোরালো শট ঠিকানা খুঁজে পেলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
৬৪ মিনিটে মেসির পাস বক্সে দানি আলভেজকে খুঁজে পেলে এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ব্রাজিলের ডিফেন্ডারের শট ঠান্ডা মাঠায় ঠেকিয়ে দিয়ে সে যাত্রায় দলকে আবারো রক্ষা করেন ক্যাসিয়াস।
পাঁচ মিনিট পর সার্জিও রামোস বক্সে বিপদজনক জায়গায় থাকা আন্দ্রে ইনিয়েস্তাকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। এ যাত্রায় মেসিকে ঠেকাতে পারে নি ক্যাসিয়াস। তাকে বোকা বানিয়ে রিয়ালের জালে জড়ায় মেসির জোরালো শট। ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
৭৬ মিনিটে আলানসোর ওজিলকে খুঁজে পেলে খেলায় সমতা ফেরার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে জার্মানির মিডফিল্ডার নিয়ন্ত্রন হারালে হতাশ হতে হয় মরিনহোর শিষ্যদের।
দুই মিনিট পর অতিথিদের হতাশা আরো বাড়িয়ে দেন জাভি। ইনিয়েস্তার পাস থেকে ক্যাসিয়াসকে পরাস্ত করতে মোটেও বেগ পেতে হয় নি জাভির, তার দল এগিয়ে যায় ৩-১ গোলে।
বার্সেলোনার প্রথম গোলে রেফারির সমালোচনা করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো। ম্যাচ শেষে তিনি বলেন, “তাদের প্রথম গোলটি আমার পছন্দ হয় নি, এটা রেফারির ভুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৪১ ঘ.
bdnews24