ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রিসের প্যানাথিনাইকসকে প্লে-অফের প্রথম লেগে ২-০ গোলে হারিয়ে প্রথম বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার স্বপ্ন উজ্জ্বল করে তুলেছে স্পেনের মালাগা।
বুধবারের অন্য ম্যাচগুলোতে বেলারুশের চ্যাম্পিয়ন বাতে বরিসভ ২-০ গোলেই ইজরায়েলের হ্যাপোয়েল কিরিয়াত শ্মোনাকে, সাইপ্রাসের লিমাসোল ২-১ গোলে বেলজিয়ামের অ্যান্ডারলেখ্টকে এবং ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব একই ব্যবধানে স্লোভেনিয়ার মারিবরকে হারিয়েছে। আর ১-১ গোলে ড্র করেছে ইতালির উদিনেসে ও পর্তুগালের ব্রাগা।
ঘরের মাঠ লা রোসালেদায় ১৭ মিনিটের সময় আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসের গোলে এগিয়ে যায় মালাগা। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার এলিসিউ। এরপর আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি মালাগা।
গতবার আর্সেনালকে হারিয়ে দেয়া উদিনেসেকে ২৩ মিনিটের সময় এগিয়ে দেন সার্বিয়ান ডিফেন্ডার দুসান বাস্তা। ৬৮ মিনিটে সমতা ফেরান ব্রাগার ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইসমাইলি রিফলেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৬ঘ.
bdnews24