ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গতবারের মতো এবারও ফুটবল-মৌসুমের শুরুতেই এল ক্লাসিকো। বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
একে তো এল ক্লাসিকোর রোমাঞ্চ, তার ওপরে হোসে মরিনহো ও টিটো ভিলানোভার মধ্যে বিতর্কিত ঘটনার উত্তাপ! গতবারের স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগের সেই ঘটনা কারো পক্ষেই ভুলে যাওয়া সম্ভব নয়।
খেলা শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মারামারিতে তিন জনের লাল কার্ড দর্শনের চেয়েও বেশি আলোচিত হয়েছিলো বার্সার তখনকার সহকারী কোচ ভিলানোভার চোখে মরিনহোর আঙ্গুল দিয়ে খোঁচা দেয়ার কলঙ্কজনক ঘটনা।
ঐ ঘটনার জন্য মরিনহো রিয়াল-ভক্ত ছাড়া আর কারো কাছে ক্ষমা চাইতে রাজি হননি। কয়েক দিন আগে অবশ্য রিয়ালের ‘স্পেশাল ওয়ান’ কোচ জানিয়েছেন, ঐ ঘটনার জন্য তিনি অনুতপ্ত।
চার বছরে বার্সাকে ১৪টি শিরোপা এনে দেয়া পেপ গার্দিওলার উত্তরসূরী ভিলানোভাও জানিয়ে দিয়েছেন, ঐ ঘটনা ভুলে তিনি সামনের দিকে তাকাতে আগ্রহী। তবু বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে এক বছর আগের ন্যক্কারজনক ঘটনাটি সবার মনে পড়বেই।
ঘরের মাঠে বার্সা নামবে অনুপ্রেরণাদায়ী ফল নিয়ে। রোববার রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় দুর্দান্ত সূচনা পেয়েছে তারা।
চোট কাটিয়ে প্রায় আট মাস পর মাঠে নেমেই ডেভিড ভিয়ার লক্ষ্যভেদ বার্সার জন্য আরেকটি সুখবর। অবশ্য রোববারের মতো বৃহস্পতিবারেও স্পেনের সফলতম স্ট্রাইকারের বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।
বার্সার ঠিক বিপরীত সূচনা রিয়ালের। রোববারই ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে মরিনহোর দল।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দুই মহাতারকার সূচনাও সম্পূর্ণ বিপরীত। দুই গোল করে এবং বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে নিশ্চিত হ্যাটট্রিক হাতছাড়া করে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, গত মৌসুমের অবিশ্বাস্য ৭৩ গোলের রেকর্ড এবার ভেঙ্গে দিতে তিনি প্রস্তুত।
গার্দিওলা বিদায় নিলেও বার্সেলোনা যে তাদের আক্রমণাত্মক মানসিকতা থেকে সরে আসবে না, তা-ও জানাতে ভোলেননি তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
মেসি বলেন, “গার্দিওলার সময়ে যেমন ছিল দলের দর্শন ও ধরণ ঠিক তেমনই আছে এখন। শিরোপার জন্য আমাদের দল আগের মতোই ক্ষুধার্ত। টিটোর (ভিলানোভার) মতো আমিও প্রত্যেকটি শিরোপা জিততে চাই। কাজটা কঠিন, তবে আমরা চেষ্টা করবো।”
মেসি যথারীতি আলো ছড়ালেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোনালদো ছিলেন সম্পূর্ণ অনুজ্জ্বল। গোল করা তো দূরের কথা, গোল করার সম্ভাবনাও জাগাতে পারেননি রিয়ালের পর্তুগিজ তারকা।
পরে অবশ্য রোনালদো জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ নন। তিনি বলেন, “আমি এখনো শতভাগ সুস্থ নই। আশা করি খুব শিগগিরি সেরা ফর্মে ফিরবো।”
গত এপ্রিলে রোনালদোর জয়সূচক গোলেই নূ ক্যাম্প থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিলো রিয়াল। যে জয় মরিনহোর দলের লিগ শিরোপা প্রায় নিশ্চিত করে দিয়েছিলো।
বৃহস্পতিবার বার্সার সামনে ঐ হারের প্রতিশোধ নেয়ার সুযোগ। মেসিরও তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হিসাব মিটিয়ে নেয়ার পালা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৪১ঘ.
bdnews24