২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের হার, আর্সেনালের ড্র

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ব্যর্থতার বেদনায় নীল দুই পরাশক্তি আর্সেনাল ও লিভারপুল। শনিবার ইপিএলের উদ্বোধনী দিনে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন লিভারপুলকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। আর্সেনালও জিততে পারেনি, গোলশূন্য ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ব্যর্থতার বেদনায় নীল দুই পরাশক্তি আর্সেনাল ও লিভারপুল। শনিবার ইপিএলের উদ্বোধনী দিনে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন লিভারপুলকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। আর্সেনালও জিততে পারেনি, গোলশূন্য ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে। কেনি ডালগি¬¬সের উত্তরসূরী ব্রেন্ডন রজার্সের শুরুটা মর্মান্তিকই হলো বলা যায়। গত মৌসুমে ডালগি¬¬সের অধীনে লিগে অষ্টম হয়েছিলো লিভারপুল। গত দেড় যুগের মধ্যে এটাই তাদের সবচেয়ে বাজে ফল। ৪৩ মিনিটে জলটান গেরার গোলে লিভারপুলকে স্তব্ধ করে এগিয়ে যায় ব্রমউইচ। দ্বিতীয়ার্ধের শুরুতে শেন লংয়ের পেনাল্টি শট ঠেকিয়ে লিভারপুলের ম্যাচে ফেরার আশা বাঁচিয়ে রাখেন পেপে রেইনা। কিন্তু ৬৪ মিনিটে পাওয়া দ্বিতীয় পেনাল্টি কাজে লাগাতে ভুল করেনি ব্রমউইচ। পিটার ওদেমউইঙ্গির গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। তার আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিভারপুলের ডিফেন্ডার ড্যানিয়েল অ্যাগার। লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন চেলসি থেকে ধারে আসা রোমেলো লুকাকু। ৭৭ মিনিটে ব্রমউইচের জার্সি গায়ে অভিষেক ম্যাচে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। অন্যদিকে সান্ডারল্যান্ডের বিপক্ষে রবিন ফন পার্সির অভাব ভালোই অনুভব করেছে আর্সেনাল। কয়েক দিন আগে আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের তারকা স্ট্রাইকার। ঘরের মাঠে দুই নবাগত লুকাস পোডলস্কি ও সান্তি কাজোরলার সঙ্গে অলিভিয়ার জিরোদকে দিয়ে সান্ডারল্যান্ডের রক্ষণ প্রাচীর ভাঙ্গার চেষ্টা করলেও সাফল্যের মুখ দেখেননি আর্সেন ওয়েঙ্গার। তাই লিগের প্রথম ম্যাচেই হতাশায় পুড়তে হয়েছে আর্সেনালের কোচকে। গত মৌসুমে চমৎকার খেলা টটেনহাম হটস্পারের এই মৌসুমটা শুরু হলো হার দিয়ে। শনিবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। বিশাল জয় পেয়েছে ফুলহ্যাম ও সোয়ানসি সিটি। দুদলই জিতেছে ৫-০ ব্যবধানে যথাক্রমে নরউইচ সিটি ও কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৪ঘ.