ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে তৃতীয় স্থান এনে দিয়েছিলেন নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো। তবে এবার মোহামেডান বেশ গোছানো দল হতে যাচ্ছে। তেমন কোনো তারকাকে না পেলেও তারুণ্যনির্ভর দল গড়তে যাচ্ছে তারা।
অন্যান্য দলের অনিয়মিত ফুটবলাররাই এবার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের প্রধান ভরসা। তাদের মধ্যে অন্যতম গতবার আবাহনী লিমিটেডের প্রথম একাদশে জায়গা না পাওয়া জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হেদায়েতুল্ল¬াহ রবিন ও তরুণ মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু।
এছাড়া মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন খান, মিডফিল্ডার মারুফ আহমেদ, শেখ জামালের ডিফেন্ডার মিন্টু শেখ ও ফরাশগঞ্জের স্ট্রাইকার জুয়েল রানার মোহামেডানে যোগ দেয়ার কথা।
যদিও জুয়েল রানাকে নিয়ে জটিলতাও রয়েছে। শোনা যাচ্ছে তার মোহামেডানে যোগ দেয়া প্রায় নিশ্চিত। কিন্তু মুক্তিযোদ্ধার কাছ থেকে টাকা নেয়ার গুঞ্জনও আছে।
এছাড়া গতবারে থাকা গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু, দেশের অন্যতম সেরা ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ, ইয়াসিন আহমেদ, তপু বর্মণ, মিডফিল্ডার মতিউর মুন্না ও ওয়াহেদ আহমেদকে ধরে রাখছে মোহামেডান।
মোহামেডানের সহকারী ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ নকীবের বিশ্বাস, এদের সঙ্গে কয়েক জন ভালো বিদেশি ফুটবলার নিয়ে আসতে পারলে তাদের পক্ষে একটা গোছানো দল গড়া সম্ভব। তিনি বলেন, “শেষ মুহূর্তের চেষ্টায় মোটামুটি মানের একটা দল গড়তে সক্ষম হয়েছি আমরা। অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণ ঘটেছে আমাদের দলে।”
“হয়তো বড় কোনো তারকা নেই। কিন্তু মোহামেডানের এবারের দলে কয়েক জন পরিশ্রমী ফুটবলার আছে। আশা করি এদের নিয়ে ভালোই লড়াই করতে পারবো, ”যোগ করেন সাবেক তারকা স্ট্রাইকার নকীব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২০ঘ.
bdnews24