ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগ স্পেনের লা লিগা। যে লিগ রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দলীয় লড়াইয়ের পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির ব্যক্তিগত লড়াইয়ের বর্ণিল রঙে উদ্ভাসিত।
উদ্বোধনী দিনে অবশ্য রিয়াল-বার্সা কাউকেই মাঠে নামতে হবে না। রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় রিয়াল খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রাত ১টায় বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। দুই পরাশক্তিই নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে।
মাত্র তিন মাস আগে হোসে মরিনহোর রিয়াল লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট ও সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ে শিরোপা জিতেছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার টানা তিন বছরের আধিপত্যের অবসানও ঘটিয়েছে তারা।
পর্তুগালের একটি টেলিভিশন চ্যানেলকে মরিনহো বলেন, “দুই পরাশক্তির লড়াই ক্লাব এবং খেলোয়াড়দের আরো ভালো খেলতে বাধ্য করে। বিশ্ব ফুটবলের কর্তৃত্ব দখলের জন্যই ক্লাব দুটি লড়াই করছে।”
নতুন কোচ টিটো ভিলানোভার অধীনে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামবে বার্সেলোনা। গত মৌসুম শেষে বিদায় নিয়েছেন ক্লাবটির সর্বকালের সফলতম কোচ পেপ গার্দিওলা। গত চার বছর গার্দিওলার সহকারী হিসেবে কাজ করা ভিলানোভার অধীনেও রিয়ালকে চমকে দিতে পারে বার্সেলোনা।
ইউরো-বিশ্বকাপ-ইউরো! ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে অসাধারণ এই ‘ট্রেবল’ জয়ের আনন্দে এখনো উদ্বেল স্পেন।
কিয়েভে ইউরোর ফাইনালে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া স্পেনের বেশির ভাগ সদস্যেরই ক্লাব-ঠিকানা রিয়াল অথবা বার্সা।
এদের সঙ্গে টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ও বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার রোনালদোর যোগফল রিয়াল-বার্সার লড়াইয়ে যোগ করেছে ভিন্ন মাত্রা। আর্জেন্টাইন ও পর্তুগিজ তারকার সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ের আকর্ষণ উপেক্ষা করা সত্যিই মুশকিল!
গত মৌসুমে লিগে ৫০টি গোল করেন মেসি। যা তার আগের মৌসুমে রোনালদোর গড়া ৪০ গোলের রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
তবে ব্যক্তিগত লড়াইয়ে হেরে গেলেও রিয়ালের জার্সি গায়ে প্রথম লা লিগা জয়ের কারণে শেষ হাসি ছিল রোনালদোরই।
এবারও যে এই সময়ের সবচেয়ে বড় দুই ফুটবল তারকা স্প্যানিশ লিগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫০ঘ.
bdnews24