ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ হয়ে এবার চীনে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন আর্জেন্টিনার এই ফুটবল ঈশ্বর।
‘দ্য চায়না ডেইলি’ জানিয়েছে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলেন, “আমি চীনে কোচ হিসেবে কাজ করতে চাই। এদেশের যুব ফুটবলের উন্নয়নে আমি অবদান রাখতে চাই।”
চীন ভ্রমণের সময় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি উই ডি এর সঙ্গেও আলোচনা করেন অনেক মতে সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনা।
সাম্প্রতিক সময়ে বড় খেলোয়াড় ও কোচদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে চীন। চীনের ক্লাব সাংহাই শেনহুয়ায় যোগ দিয়েছেন চেলসির উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের নায়ক দিদিয়ের দ্রগবা। ওই ক্লাবের নতুন কোচ সার্জিও বাতিস্তা। ক্লাবটিতে আগে থেকেই খেলেন চেলসির সাবেক স্ট্রাইকার নিকোলাস আনেলকা।
২০১০ সালের বিশ্বকাপের পর ম্যারাডোনাকে সরিয়ে বাতিস্তার হাতেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছিলো।
সাংহাইয়ের প্রতিদ্বন্দ্বী গুয়াংজু এভারগ্রান্ড ইতালির সাবেক বিশ্বকাপ জয়ী কোচ মার্সেলো লিপ্পিকে নিয়োগ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২০৫৭ ঘ.
bdnews24