ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দলবদলে আবাহনী লিমিটেডের ৬ জন নির্ভরযোগ্য ফুটবলারের অন্য দলে পাড়ি জমানো প্রায় নিশ্চিত। দেশের অন্যতম জনপ্রিয় দল ৫ জনকে নিয়ে এসে এই ধাক্কা সামলে ওঠার চেষ্টায় ব্যস্ত। সব মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গতবারের চ্যাম্পিয়নরা গোছানো দলই গড়তে যাচ্ছে।
এবার সবচেয়ে শক্তিশালী দল গড়তে যাওয়া শেখ রাসেল ক্রীড়া চক্রের পরেই কাগজে-কলমে এগিয়ে রাখতে হবে আবাহনীকে। জাতীয় দলের সাবেক-বর্তমান মিলিয়ে বেশ কয়েক জন নির্ভরযোগ্য খেলোয়াড়কে তারা ধরে রাখতে পারছে।
তবে মিডফিল্ডার জাহিদ হোসেন এবং তিন ডিফেন্ডার নাসিরুল ইসলাম, মামুন মিয়া ও আশরাফ কাদের লিঙ্কনকে ধরে রাখতে পারেনি। চার জনেরই নতুন ঠিকানা হতে যাচ্ছে শেখ রাসেল।
আবাহনীর লিগ শিরোপা জয়ের পেছনে এই চার জনের বিশাল অবদান ছিল গত বার। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে লিগের শেষ ম্যাচে জাহিদের গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে আবাহনী।
এই চার জন ছাড়াও জাতীয় দলের সাবেক খেলোয়াড় হেদায়েতুল্ল¬াহ রবিন এবং প্রতিশ্র“তিশীল মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু যোগ দিতে যাচ্ছেন মোহামেডানে।
আবাহনীর সবচেয়ে ক্ষতি হয়েছে রক্ষণভাগের তিন নির্ভরযোগ্য খেলোয়াড় চলে যাওয়ায়। অবশ্য জাতীয় দলের ডিফেন্ডার আতিকুর রহমান মিশু, আব্দুল হামিদ ভাসানী ও মিডফিল্ডার আব্দুল বাতেন কোমলকে দলে টেনে ক্ষতিটা পুষিয়ে নেয়ার চেষ্টা করছে তারা। তিন জনই আসছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে।
ধানমন্ডির ক্লাবটি ধরে রাখছে মিডফিল্ডার আরমান আজিজ, তৌহিদুল আলম, চৌমরিন রাখাইন, ডিফেন্ডার নজরুল ইসলাম, মোহাম্মদ সুজন, মহিউদ্দিন ইমরুল সিরাজী, ওয়ালী ফয়সাল, শাখাওয়াত হোসেন রনি, এনামুল হক, গোলরক্ষক মোহাম্মদ আলী, জিয়াউর রহমান ও শহিদুল আলম সোহেলকে।
বাংলাদেশের ফুটবলে বিদেশিদের বড় ভূমিকা থাকে শিরোপা নির্ধারণে। আবাহনীও ভালো বিদেশি ফুটবলার নিয়ে আসার চেষ্টা করছে।
জাতীয় দলের সাবেক তারকা ও বর্তমানে আবাহনীর ব্যবস্থাপকের দায়িত্বে থাকা সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “দলের যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ভালো মানের বিদেশি খেলোয়াড় আনার পরিকল্পনা রয়েছে আমাদের। গত বারে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে কাউকে নিয়ে আসার ব্যাপারে অবশ্য কোনো সিদ্ধান্ত হয়নি এখনও।”
গত দুই মৌসুমের কোচ ইরানের আলী আকবর পুরমুসলিমিকে আবার নিয়ে আসার ব্যাপারেও আবাহনী সিদ্ধান্ত নিতে পারেনি। এ প্রসঙ্গে রুপু জানান, “গতবার শিরোপা জয়ের পেছনে আলী আকবর বিশাল অবদান রেখেছেন। এটা স্বীকার না করে উপায় নেই। অবশ্য আবার তাকে নিয়ে আসা হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়া হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০২৮ঘ.
bdnews24