২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো খেলার বিতর্ক নিয়েই দলবদল

১৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদল। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন পাতানো খেলা সংক্রান্ত জটিলতা নিয়েই বেশি সরগরম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদল। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন পাতানো খেলা সংক্রান্ত জটিলতা নিয়েই বেশি সরগরম। ব্রাদার্স-রহমতগঞ্জ বিতর্কিত ম্যাচ নিয়ে জন্ম নেয়া জটিলতার সমাধান না করেই দলবদলের আয়োজনে ব্যস্ত পেশাদার লিগ কমিটি। ব্রাদার্স ইউনিয়নের ব্যবস্থাপক আমের খানের দেয়া একটি বক্তব্য নিয়ে তদন্ত চলছে এখন। ব্রাদার্স-শেখ জামালের আরেকটি ম্যাচও পাতানো সন্দেহে তদন্তাধীন। এই অবস্থায় দলবদলের আয়োজন কতটা যৌক্তিক? এই প্রশ্নের জবাবে পেশাদার লিগ কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু জানিয়েছেন, “দুটি কাজ এক সঙ্গেই চলবে। আমার মনে হয় না পাতানো খেলার তদন্তের কারণে দলবদলে কোনো ব্যাঘাত ঘটবে।” “পাতানো খেলার জন্য আলাদা একটা তদন্ত কমিটি রয়েছে। তারাই কাজটি করছে। আর দলবদল হবে বাফুফেতে। তাই কোনো জটিলতা হবে না বলেই আমার বিশ্বাস,” যোগ করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ। ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ নিয়ে তদন্ত করে কোনো গোলমাল খুঁজে পায়নি পাতানো খেলা সনাক্তকরণের জন্য গঠিত বিশেষ কমিটি। ঐ ম্যাচে ব্রাদার্সের ৪-১ গোলের হার বিতর্কের ঢেউ তুলেছিলো ফুটবলাঙ্গনে। কয়েক জন সাবেক তারকা ফুটবলার তো বলেই দিয়েছেন, বাফুফে কর্মকর্তাদের আন্তরিকতার অভাবের জন্যই পাতানো ম্যাচের ‘নাটের গুরু’রা রেহাই পেয়ে যাচ্ছেন! বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জাতীয় দলের সাবেক তারকা বাদল রায়েরও বিশ্বাস, বিতর্কিত বিষয়টার যত দ্রুত সম্ভব সমাধান হওয়া প্রয়োজন। তিনি বলেন, “ফেডারেশনের ভাবমূর্তি রক্ষায় পাতানো খেলা ইস্যুর দ্রুত সমাধান হওয়া উচিৎ। তবে এ ব্যাপারে বাফুফের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেয়ার সঙ্গে-সঙ্গেই আমরা তা প্রকাশ করবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৭ঘ.