২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন অলিম্পিকে বিদায়ের সুর

ভাঙনের সুর বাজছে ক্রীড়া মহাযজ্ঞে। রোববার রাতে পর্দা নামছে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩০তম আসরের। উদ্বোধনী অনুষ্ঠানের মতো লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানকেও স্মরণীয় করে রাখতে নানা চমক রেখেছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাঙনের সুর বাজছে ক্রীড়া মহাযজ্ঞে। রোববার রাতে পর্দা নামছে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩০তম আসরের। উদ্বোধনী অনুষ্ঠানের মতো লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানকেও স্মরণীয় করে রাখতে নানা চমক রেখেছেন আয়োজকরা। ষোলো দিনের প্রতিযোগিতায় খেলোয়াড়দের অর্জনকে উদযাপন করা হবে সমাপনী অনুষ্ঠানে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আওসি) সভাপতি জ্যাক রগ অনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার আগে অলিম্পিক পতাকা তুলে দেয়া হবে পরবর্তী আসরের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরোর মেয়রের হাতে। নেভানো হবে অলিম্পিক মশাল। এসব তো আনুষ্ঠানিকতা। সমাপনী অনুষ্ঠানের অন্যান্য আয়োজন নিয়ে রয়েছে চরম গোপনীয়তা। অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে কেবল জানানো হয়েছে, আর্টিস্টিক ডিরেক্টর কিম গ্যাভিনের নির্দেশনায় যুক্তরাজ্য তথা লন্ডনের সংস্কৃতিকে তুলে ধরা হবে। অলিম্পিকের সমাপ্তি হবে সুরের মূর্চ্ছনাতেই। অলিম্পিক স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘আ সিম্ফোনি অব ব্রিটিশ মিউজিক’, যেখানে গাওয়া হবে ব্রিটিশ শিল্প-সংস্কৃতি আর সঙ্গীতের জয়গান। রোববার বাংলাদেশ সময় রাত দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান যাতে স্পাইস গার্লস, জর্জ মাইকেলসহ যুক্তরাজ্যের সঙ্গীত ও চলচ্চিত্র জগতের তারকারা উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। তাদেরকে নিয়েই গত ৫০ বছর ধরে যুক্তরাজ্যের সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী মাধ্যমটিকে বিশ্বের সামনে নতুন করে তুলে ধরবেন কিম গ্যাভিন। গেভিনের দাবি, এটা হবে সর্বকালের সবচেয়ে ভালো বিদায় অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে সাড়ে তিন হাজার পারফরমার। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানেও মার্চ পাস্টে অংশ নেবেন খেলোয়াড়রা। এবার কেউ কোনো দেশের প্রতিনিধি নন, সবাই আসবেন এক সঙ্গে এক জাতির অংশ হিসেবে। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক থেকে এই রীতি চলে আসছে। লন্ডন অলিম্পিকের শেষ দিন নিষ্পত্তি হবে ১৫টি সোনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৬১৭ ঘ.