ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্যাঁ ফিলিপ রাবেন্তের জোড়া গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে পুরুষদের হকিতে টানা তৃতীয় সোনা জিতেছে জার্মানি। ২-১ গোলে পাওয়া জয়ে দুই অর্ধে একটি করে গোল করেন রাবেন্তে।
অলিম্পিকে জার্মানিকে পঞ্চম সোনা এনে দেয়া রাবেন্তে এর আগে ৭৭ ম্যাচে মোটে ৬ গোল করেন। যা গোলরক্ষক ম্যাক্স ওয়েইহোল্ড ছড়া জার্মানির স্কোয়াডের আর যে কারোর চেয়েই কম।
প্রথমার্ধের শেষ সময়ে রাবেন্তের দারুণ গোলে চার বারের সোনা জয়ী নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি স্পেশালিস্ট মিঙ্ক ভ্যান ডার ওয়েরডেনের গোলে সমতা ফেরায় তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।
খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে রাবেন্তের দ্বিতীয় গোলে আবারো এগিয়ে যায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এর পর আর কোনো দলই গোল করতে না পারায় এথেন্স ও বেইজিংয়ের পর টানা তৃতীয় সোনা জিতেই মাঠ ছাড়ে জার্মানি।
একাদশ স্থান নির্ধারনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ গোলে হেরেছে আটবারের অলিম্পিক সোনা জয়ী ভারত। প্রতিযোগিতার সব ম্যাচে হেরেই দেশে ফিরছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর আগে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩০৯ ঘ.
bdnews24