২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে আবার ব্রাজিলের স্বপ্নভঙ্গ

ফুটবলে পরম আরাধ্য সোনা জেতা হলো না ব্রাজিলের। শনিবার ফাইনালে ওরিবে পেরালতার জোড়া গোলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে প্রথম বারের মতো অলিম্পিক ফুটবলের শিরোপা জিতেছে মেক্সিকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলে পরম আরাধ্য সোনা জেতা হলো না ব্রাজিলের। শনিবার ফাইনালে ওরিবে পেরালতার জোড়া গোলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে প্রথম বারের মতো অলিম্পিক ফুটবলের শিরোপা জিতেছে মেক্সিকো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা মেক্সিকানরা শেষ পর্যন্ত জিতেছে ২-১ গোলে। অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলের এটি তৃতীয় হার। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস এবং ’৮৮ সিউল অলিম্পিকেও রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো বিশ্বকাপের সফলতম দেশটিকে। দুই যুগ পর শিরোপার কাছাকাছি যাওয়া ব্রাজিল কিছু বুঝে ওঠার আগেই মাত্র ৩৬ সেকেন্ডে গোল খেয়ে বসে। ফরোয়ার্ড পেরালতার গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে মেক্সিকোর সীমানায় ঝাঁপিয়ে পড়া তো দূরের কথা, উল্টো প্রথম ২০ মিনিট আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় ব্রাজিলকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রতিযোগিতার সবচেয়ে বড় তারকা নেইমারের নেতৃত্বে পাল্টা আক্রমণে যায় মানো মেনেজেসের দল। কড়া পাহারায় থাকা নেইমার সাধ্যমত চেষ্টা করলেও প্রথমার্ধে তারা সমতা ফেরাতে পারেনি। রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে মেক্সিকো। সোনা জিততে ব্যবধান বাড়ানোর চেয়ে খেলার গতি কমিয়ে রাখার দিকেই তাদের মনযোগ ছিল। অন্য স্ট্রাইকার লিয়ান্দ্রো দামিয়াও নিজের ছায়া হয়ে থাকায় নেইমারকে নিতে হয় বাড়তি চাপ। সব সময় দু-তিনজন ডিফেন্ডারের বেষ্টনিতে থাকা নেইমার দুয়েকবার ঝলক দেখালেও সেগুলো সাফল্যের মুখ দেখেনি। ৬৩ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডারদের ব্যর্থতায় ডি বক্সে বল পেয়ে যান মার্কো ফ্যাবিয়ান। তবে গোলরক্ষককে একা পেয়েও সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেননি মেক্সিকোর ফরোয়ার্ড। তার ব্যাকভলি ক্রসবারে লেগে ফিরে আসে। এর পরের ১০ মিনিট ব্রাজিলের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে মেক্সিকো। ৭৫ মিনিটে ফ্যাবিয়ানের ফ্রি কিক খুঁজে পায় অরক্ষিত পেরালতাকে। তার দুর্দান্ত হেড ২-০ করে ব্যবধান। ব্যবধান বাড়ানোর পর রক্ষণাত্মক হয়ে পড়ে সব পর্যায়ের ফুটবল মিলিয়ে আগের ১২ ম্যাচের ৬ বারই ব্রাজিলকে হারিয়ে দেয়া মেক্সিকো। ইনজুরি সময়ের প্রথম মিনিটে হাল্কের গোলে ব্যবধান কমানোর পর ব্রাজিল সমতা ফেরানোর দারুণ একটা সুুযোগও পেয়েছিল। ফাঁকায় দাঁড়ানো অস্কারের হেড বারের ওপর দিয়ে চলে না গেলে ফলাফল অন্যরকমও হতে পারতো। তা হয়নি। তাই দ্বাদশ প্রচেষ্টায়ও ক্রীড়া মহাযজ্ঞের ফুটবলের সোনা অধরাই রয়ে গেলো ব্রাজিলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪১ঘ.