ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যেক দলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমানোর দাবিতে দেশের ফুটবলাররা সোচ্চার। এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে স্মারকলিপিও দিয়েছিলেন তারা। কিন্তু তাদের হতাশই হতে হচ্ছে শেষ পর্যন্ত।
পেশাদার লিগ কমিটি আগামী মৌসুমে বিদেশি খেলোয়াড় সংক্রান্ত নিয়ম অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “আগের মতোই একটি ক্লাব সর্বোচ্চ ৭ জন করে বিদেশি ফুটবলার নিবন্ধন করানোর সুযোগ পাবে। আর মাঠে নামাতে পারবে ৪ জন করে।”
ফুটবলারদের দাবিটা যৌক্তিকই ছিলো। প্রত্যেক দলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যাধিক্যের কারণে দেশের খেলোয়াড়রা মাঠে নামার তেমন সুযোগ পান না। এতে দেশের ফুটবল এবং ফুটবলাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কিন্তু তাদের দাবিতে সাড়া দিচ্ছে না পেশাদার লিগ কমিটি। অর্থাৎ এবারের মতো আগামী মৌসুমেও বিদেশি, বিশেষ করে আফ্রিকান ফুটবলারদের আধিপত্য দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ঘ.
bdnews24