২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে ব্রিকলেনের আশাভঙ্গ

লন্ডন অলিম্পিক ঘিরে রমরমা ব্যবসার আশা করেছিলেন শহরটির বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেনের রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কিন্তু অলিম্পক উপলক্ষে আসা পর্যটকেরা ঢু না মারায় উল্টো লোকসানের মুখে পড়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

সৈয়দ নাহাস পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি লন্ডন, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিক ঘিরে রমরমা ব্যবসার আশা করেছিলেন শহরটির বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেনের রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কিন্তু অলিম্পক উপলক্ষে আসা পর্যটকেরা ঢু না মারায় উল্টো লোকসানের মুখে পড়েছেন তারা। যুক্তরাজ্যে ব্রিকলেন তথা বাংলা টাউনেই সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশির বসবাস। এখানেই বাংলাদেশ মালিকানায় প্রায় অর্ধ শতাধিক রেস্তোরাঁ আছে। সুস্বাদু খাবার পরিবেশনে দেশজুড়ে তাদের সুনামও রয়েছে। এ কারণেই লন্ডন অলিম্পিক উপলক্ষে গত বছর ৩০ মার্চ ব্রিকলেনকে ‘কারি ক্যাপিটাল’ ঘোষণা করা হয়। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সমন্বয় কমিশনের চেয়ারম্যান ডেনিস ওসওয়াল্ড ও লন্ডন অলিম্পিক কমিটির চেয়ারম্যান লর্ড সেবাস্টিয়ান কো এ ঘোষণা দিলেও এর জন্য পরবর্তীতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। ব্রিকলেনের তাজ স্টোরের স্বত্তাধিকারী আব্দুল কাইয়ুম জামাল বলেন, “ব্যবসা করার আশায় আমরা অতিরিক্ত মালামাল মজুদ করেছিলাম এবং নতুন কর্মী নিয়োগ দিয়েছিলাম। কিন্তু এখন বিপাকে পড়েছি। রেস্তোরাঁগুলোতেও ব্যবসা না থাকায় আমাদের সরবরাহের ব্যবসা কমে গেছে।” ব্রিকলেনের একটি রেস্তোরাঁর মালিক মো. সেলিম বলেন, “অলিম্পিকের কিছুই এখানে নেই। কোনো কার্যক্রম নেই আমাদের বলা হয়েছিল, শুধু যুক্তরাজ্যে নয় বিশ্বব্যাপী গণমাধ্যমে কারি ক্যাপিটাল নিয়ে ব্যাপক প্রচার হবে। কারি ক্যাপিটালে প্রবেশ পথে তোরণ থাকবে। সাজানো হবে অলিম্পিকের নতুন সাজে। এসবের কিছুই নেই।” ব্রিকলেনের আরেক ব্যবসায়ী সিরাজ হক বলেন, “কারি ক্যাপিটাল নাম দেওয়া হয়েছে কেবল। এই কারির মধ্যে কোনো মশলা দেওয়া হয়নি।” এ জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে দায়ী করে তিনি বলেন, “কাউন্সিলের কর্মকর্তা হয় মেয়র লুৎফুর রহমানের কথা শোনেনি অথবা তিনি পলিসিগত কোনো নির্দেশনা দেননি।” অবশ্য ব্যবসায়ীদের এ অভিযোগ অস্বীকার করে কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, অলিম্পিকের সময় শুধু টাওয়ার হ্যামলেটসে ব্যবসায় ঘাটতি রয়েছে তা নয় পুরো লন্ডনেই হতাশাব্যাঞ্জক ব্যবসার খবর পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এএইচ/এসইউ/১৮০৭ ঘ.