২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুস্তিতে রাশিয়া ও জাপানের সোনা

অলিম্পিকে বৃহস্পতিবার কুস্তির দুটি সোনা ভাগাভাগি করে নিয়েছে রাশিয়া ও জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 04:08 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে বৃহস্পতিবার কুস্তির দুটি সোনা ভাগাভাগি করে নিয়েছে রাশিয়া ও জাপান। মহিলাদের ৭২ কেজি ওজন শ্রেণী ফ্রিস্টাইলে বুলগেরিয়ার রিস্টোভা স্ট্যানকাকে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার নাটালিয়া ভারোবিয়েভা। ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন রিস্টোভার অলিম্পিক ভাগ্য খুব একটা ভালো নয়। গত বেইজিং অলিম্পিকেও রূপা জেতেন তিনি। এর আগে এথেন্সে প্রথম অলিম্পিকে হন দ্বাদশ। অন্যদিকে অর্থনীতির ছাত্রী নাটালিয়া প্রথম বড় কোনো আসরে অংশ নিয়েই জিতলেন সোনা। তার এই সাফল্যের সুবাদে পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে রাশিয়া। মহিলাদের ৫৫ কেজি ফ্রিস্টাইলে কানাডার টনিয়া লিন ভারবেককে হারিয়ে সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের ইয়োশিদা সাওরি। এর আগে বেইজিং ও এথেন্স অলিম্পিকেও এ ইভেন্টে সোনা জেতেন ইয়োশিদা। আট বছর আগে এথেন্স অলিম্পিকে টনিয়াকে হারিয়েই প্রথম সোনা জেতেন ব্যাক্তিগত জীবনে নিরাপত্তা কর্মী ইয়োশিদা। কুস্তি তার রক্তেই মিশে আছে, বাবা ছিলেন জাতীয় পর্যায়ে সোনা জয়ী মল্লযোদ্ধা। লন্ডনে এসেছিলেন তৃতীয় সোনা জয়ের লক্ষ্য নিয়ে। এবার সোনা না জিতলে তার সব অর্জন মিথ্যে হয়ে যেত বলে মনে করেন তিনি। “লন্ডনে তৃতীয় সোনা না এলে আগে যা করেছি তার কোনো কিছুই অর্থই থাকতো না”, বলেন ইয়োশিদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০০৫ ঘ.