২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ফুটবলে যুক্তরাষ্ট্রের ‘হ্যাটট্রিক’

কার্লি লয়েডের জোড়া গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের ফুটবলের সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 03:34 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লি লয়েডের জোড়া গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের ফুটবলের সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে সর্ব প্রথম মহিলা ফুটবল অন্তর্ভুক্ত হয়। প্রথম আসরে দেশের মাটিতে সোনা জেতা যুক্তরাষ্ট্রই অলিম্পিকের এই ইভেন্টে সবচেয়ে সফল দল। ২০০০ সালে সিডনি অলিম্পিকের ফাইনালে নরওয়ের কাছে হারার পর এ নিয়ে টানা তিন অলিম্পিকে সোনা জিতল দেশটি। বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন কার্লি। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার দারুণ এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। পিছিয়ে পড়ে গোল পরিশোধে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের উপর প্রচণ্ড চাপ তৈরি করে জাপান। এ সময় জাপান অন্তত আটটি সুযোগ তৈরি করে। এর মধ্যে ৩৩ মিনিটে আয়া মিয়ামার শট বার পোস্টে লেগে ফিরে এলে সমতা ফেরানোর সবচেয়ে সহজ সুযোগটি হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শেষ দুই মিনিটে উল্টো জাপানকে চেপে ধরে যুক্তরাষ্ট্র। এ সময় দুটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগেনি। আক্রমণ-প্রতি আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ৫৪ মিনিটের মাথায় পাওয়া সুযোগটি কাজে লাগাতে আর ভুল করেননি কার্লি। যুক্তরাষ্ট্র এগিয়ে যায় ২-০ গোলে। ৯ মিনিট পরে গোল করে ব্যবধান কমান ইউকি অগিমি। এই গোলের পরে যেন নতুন করে জেগে ওঠে যুক্তরাষ্ট্র। জাপানকে কোনো সুযোগ না দিয়ে উল্টো তাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখে বাকি সময়টুকু পার করে দেয়। জাপান এ সময় দুয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় সেগুলো কাজে আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/০৯৩০ ঘ.