ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক বা বিশ্ব রেকর্ড হয়নি। তাতে কী! পুরুষদের ২০০ মিটারের ফাইনালে ১৯.৩২ সেকেন্ডের দৌড়টিই যে ইতিহাসের পাতায় উসাইন বোল্টকে অমরত্ব এনে দেয়ার জন্য যথেষ্ট।
মৌসুম সেরা এই দৌড়ের সুবাদেই প্রথম অ্যাথলেট হিসেবে টানা দুটো অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতলেন জ্যামাইকার গতি-সম্রাট।
১০০ মিটারের মতো ২০০ মিটারেও বিশ্ব রেকর্ড (১৯.১৯ সেকেন্ড) ও অলিম্পিক রেকর্ডের (১৯.৩০) মালিক বোল্টের প্রধান বাধা ছিলেন দুই স্বদেশী ইয়োহান ব্লে¬ক ও ওয়ারেন ওয়েইয়ার।
লন্ডনে প্রথম রাউন্ড ও সেমিফাইনালে বোল্টের চেয়ে কম সময়ে ফিনিশিং টেপ স্পর্শ করা ব্লেক ১৯.৪৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ঠিক যেন ১০০ মিটারের প্রতিচ্ছবি। ১৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছেন ওয়েইয়ার। অর্থাৎ তিনটি পদকই জ্যামাইকার!
এর আগে অলিম্পিকে পুরুষদের ২০০ মিটারে টানা দুবার কেউ সোনা জিততে পারেননি। কার্ল লুইস (১৯৮৪-’৮৮) ও শন ক্রফোর্ড (২০০৪-’০৮) কাছাকাছি গিয়েছিলেন। তবে দুজনকেই দ্বিতীয় বার রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এর মধ্যে চার বছর আগে বেইজিংয়ে ক্রফোর্ডকে থামান স্বয়ং বোল্ট।
২০০ মিটারে না হলেও পুরুষদের ৮০০ মিটারে বিশ্ব রেকর্ড হয়েছে। ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে কেনিয়াকে সোনা এনে দিয়েছেন লেকোটা ডেভিড রুডিশা।
১ মিনিট ৪১.৭৩ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে রুপা জেতা নাইজেল অ্যামোসের সৌজন্যে লন্ডনে বতসোয়ানার প্রথম পদক এসেছে।
১ মিনিট ৪২.৫৩ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ারই টিমেথি কিতোম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০২২১ঘ.
bdnews24