২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুস্তিতে টানা তিন সোনা জাপানের কাউরির

জাপানের কাউরি ইচো অলিম্পিক কুস্তির ইতিহাসে তিনবার সোনা জেতা প্রথম নারীর সম্মান জিতে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপানের কাউরি ইচো অলিম্পিক কুস্তির ইতিহাসে তিনবার সোনা জেতা প্রথম নারীর সম্মান জিতে নিয়েছেন। লন্ডন অলিম্পিকে বুধবার মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৬৩ কেজি ওজন শ্রেণীতে চীনের জিং রুইজিউকে ম্যাটে ধরাশায়ী করে টানা তৃতীয় সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন কাউরি। কাউরির বড় বোন চিহারোও কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। তাকে দেখেই কাউরির মল¬যোদ্ধা হয়ে উঠা। ১৯৮৭ সাল থেকে কুস্তি শুরু করা কাউরি ২০১০ সালে বিশ্বকাপে তৃতীয় হওয়ার আগে বা পরে বড় মাপের কোনো প্রতিযোগিতায় হারেননি। এ ইভেন্টে রাশিয়ার লুবো ভলোসোভা ও মঙ্গোলিয়ার বাটসেতসেগ সোরোনজনবোল্ড রূপা জিতেছেন। বুধবার কুস্তির অপর সোনাটাও যায় জাপানের দখলে। মহিলাদের ৪৮ কেজি ওজন শ্রেণীর ফ্রিস্টাইলে আজারবাইজানের মারিয়া স্ট্যাদনিককে হারিয়ে সোনা জিতেছেন হিতোমি ওবারা। যুক্তরাষ্ট্রের চুন ক্লারিসা কিয়োকো মেই লিং ও কানাডার ক্যারল হুইন ব্রোঞ্জ জিতেছেন। এখন পর্যন্ত টিকে থাকা প্রতিযোগীতামূলক ক্রীড়ার মধ্যে ট্রাক অ্যান্ড ফিল্ড ছাড়া কুস্তিই সবচেয়ে পুরোনো। অলিম্পিকে দুই ধরণের কুস্তি প্রতিযোগিতা হয় -গ্রেকো-রোমান ও ফ্রিস্টাইল। গ্রেকো-রোমান কুস্তিতে প্রতিপক্ষকে আক্রমণে কেবল হাত ও শরীরের ওপরের অংশ ব্যবহার করা যায়। প্রতিপক্ষের কোমরের নিচে ধরা বা পা ব্যবহার করা নিষিদ্ধ। ফ্রিস্টাইল কুস্তিতে প্রতিপক্ষের কোমরের নীচেও ধরা যাবে। পা ব্যবহার করে প্রতিপক্ষকে ঠেলা, ওপরে উচানো বা উল্টোনোও যাবে। লন্ডন অলিম্পিকে ফ্রিস্টাইলে ছেলেদের ৭টি ও মেয়েদের ৪টি ওজনশ্রেনীতে লড়াই হচ্ছে। গ্রেকো-রোমানে ৭টি সোনার জন্য লড়বেন কেবল পুরুষরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৩০০ ঘ.