ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের বিচ ভলিবলে টানা তৃতীয় সোনা জিতে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের কেরি ওয়ালশ ও মিস্টি মে-ট্রেনর।
টানা তিনবার সোনা জেতা তো দূরের কথা, এর আগে ছেলে বা মেয়েদের কোনো বিচ ভলিবল জুটি শিরোপা ধরে রাখতেই পারেনি।
২০০৪ সালে এথেন্সে ও ২০০৮ সালে বেইজিংয়ে সোনা জেতা ওয়ালশ ও মে-ট্রেনার বুধবার সহজেই ২১-১৬ ও ২১-১৬ ব্যবধােেন হারিয়েছেন স্বদেশী এপ্রিল রস ও জেনিফার কেসিকে।
এর আগে চীনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্রাঙ্কা লারিসা ও সিলভা জুলিয়ানা জুটি।
যুক্তরাষ্ট্রের দুটি দলই ফাইনালে ওঠায় মার্কিনিদের সোনা জয় নিশ্চিতই ছিল। কিন্তু সবার চোখ ছিল ওয়ালশ ও মে-ট্রেনার জুটির দিকে। অনন্য ইতিহাস গড়ে আবেগে-উচ্ছাসে ফেটে পড়েন তারা।
বৃহস্পতিবার ছেলেদের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল আর জার্মানি।
বিচ ভলিভলে খেলা হয় তিন সেটের। ২১ পয়েন্টের প্রথম দুই সেট কেউ জিতে গেলে ১৫ পয়েন্টের তৃতীয় অর্থাৎ টাইব্রেকার সেটের আর প্রয়োজন পরে না। পুরুষ ও নারীদের পৃথক দুটি ইভেন্টে একটি দলে প্রতিযোগী থাকে মাত্র দুজন করে।
অলিম্পিকে বিচ ভলিবল চালু হয় ১৯৯৬ সালে আটলান্টা গেমসে। দর্শক-আগ্রহের বিচারে বিচ ভলিবল এখন অলিম্পিকের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি। লন্ডন অলিম্পিক উপলক্ষে লন্ডনের প্রাণকেন্দ্রে হর্স গার্ডস প্যারেডে পাঁচ হাজার টন বালু ফেলে তৈরি করা হয়েছে কৃত্রিম সমুদ্র সৈকত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১৩৯ ঘ.
bdnews24