ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবারও অলিম্পিকের পদক তালিকায় শীর্ষ তিনটি স্থানে পরিবর্তন আসেনি। ৩৬ সোনা, ২২ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ ৭৭টি পদক নিয়ে চীন যথারীতি সবার ওপরে।
৩৪ সোনা, ২২ রুপা ও ২৫ ব্রোঞ্জসহ ৮১টি পদক নিয়ে যুক্তরাষ্ট্রও দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থান ধরে রাখা স্বাগতিক যুক্তরাজ্যের অর্জন ২২ সোনা এবং ১৩টি করে রুপা ও ব্রোঞ্জসহ ৪৮টি পদক।
টেবিল টেনিস
পুরুষ দ্বৈতে দক্ষিণ কোরিয়ার সানগিয়ুন ওহ ও সেয়ুংমিনকে হারিয়ে সোনা জিতেছেন চীনের হাও ওয়াং ও জিকে ঝাং। তাদের সাফল্যের সুবাদে আবার অলিম্পিক টেবিল টেনিসের চারটি সোনার সবগুলো জিতে নিলো চীন।
চার বছর আগে বেইজিং অলিম্পিকেও দ্বৈতে সোনা জিতেছিলেন ওয়াং। এককের সোনা জেতা ঝাং পূর্ণ করলেন ‘ডাবল’।
ইকুয়েস্ট্রিয়ান
ব্যক্তিগত জাম্পিংয়ে সোনা জিতেছেন স্টিভ গুয়েরডাট। নেদারল্যান্ডসের গ্রের্কো শরোডার রুপা ও আয়ারল্যান্ডের সিয়ান ও’কনর ব্রোঞ্জ জিতেছেন।
সেইলিং
পুরুষদের ৪৯ইআর ইভেন্টে অস্ট্রেলিয়া সোনা, নিউজিল্যান্ড রুপা ও ডেনমার্ক ব্রোঞ্জ জিতেছে।
ক্যানু
পুরুষদের কায়াক ডাবল (কে-২) ১০০০ মিটারে হাঙ্গেরিকে সোনা এনে দিয়েছেন রুডলফ ডোম্বি ও রোনাল্ড ককেনি। পর্তুগালের ফার্নান্দো পিমেন্টা ও ইমানুয়েল সিলভা রুপা এবং জার্মানির আন্দ্রেস ইহলি ও মার্টিন হোলেস্টেইন ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের কায়াক ফোরে (কে-৪) ৫০০ মিটারে নতুন বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছে হাঙ্গেরি। রুপা জার্মানির আর ব্রোঞ্জ বেলারুশের।
পুরুষদের ক্যানু এককের (সি-১) সোনা জিতেছেন জার্মানির সেবাস্টিয়ান ব্রেনডেল। স্পেনের ডেভিড কাল ফিগোয়েরো রুপা ও কানাডার মার্ক ওল্ডারশ ব্রোঞ্জ জিতেছেন।
পুরুষদের কায়াক এককে (কে-১) জিতে নরওয়েকে প্রথম সোনা এনে দিয়েছেন ভেরাস এরিক লারসেন। কানাডার অ্যাডাম ভ্যান কোভারডান রুপা ও জার্মানির ম্যাক্স হফ ব্রোঞ্জ জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০৪৫৫ঘ.
bdnews24