২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিক্সে অস্ট্রেলিয়াকে সোনা এনে দিলেন পিয়ারসন

মহিলাদের ১০০ মিটার হার্ডলসে অস্ট্রেলিয়াকে লন্ডন অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনা এনে দিয়েছেন স্যালি পিয়ারসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 05:03 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলাদের ১০০ মিটার হার্ডলসে অস্ট্রেলিয়াকে লন্ডন অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনা এনে দিয়েছেন স্যালি পিয়ারসন। মঙ্গলবার বৃষ্টিস্নাত ও শীতল রাতে স্টেডিয়ামে ১২.৩৫ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ডন হার্পার, কেলি ওয়েলস ও লোলো জোন্সকে পেছনে ফেলেছেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। বেইজিং অলিম্পিকে হার্পারের পেছনে দৌড় শেষ করে রূপা জিতেছিলেন স্যালি। সে দিক থেকে এটা তার মধুর প্রতিশোধ। ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে হার্পার ব্যাক্তিগত সেরা টাইমিং করে রূপা এবং কেলি ১২.৪৮ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন। মৌসুম সেরা টাইমিংয়ের পরও পদকহীন জোন্স। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে জিতে আলজেরিয়াকে লন্ডন অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন তৌফিক মাখলোফি। ৩ মিনিট ৩৪.০৮ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন মৌসুম সেরা টাইমিং করা যুক্তরাষ্ট্রের লিওনেল মানজানোকে (৩ মিনিট ৩৪.৭৯ সেকেন্ড)। ব্রোঞ্জ জিতেছেন মরক্কোর আব্দালাতি ইগুইদের। পুরুষদের হাই জাম্পে সোনা জিতেছেন রাশিয়ার ইভান উকভ। ২.৩৮ মিটার উচ্চতা অতিক্রম করে পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের এরিক কিনার্ডকে (২.৩৫ মিটার)। হাই জাম্পে সর্বশেষ চার অলিম্পিকে এটি রাশিয়ার তৃতীয় সোনা। ২.২৯ মিটার উচ্চতা ছয়জন অতিক্রম করলেও ব্রোঞ্জ জিতেছেন কাতারের ইশা মুতাজ বারশিম, কানাডার ড্রুইন ও যুক্তরাজ্যের রবার্ট গ্রাবার্জ। পুরুষদের ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছেন জার্মানির রবার্ট হারটিং। ৬৮.২৭ মিটার দূরত্বে চাকতি ছুড়ে পেছনে ফেলেছেন ইরানের এহসান হাদাদিকে। ৬৮.০৩ দূরত্বে ছুড়ে মৌসুম সেরা পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতেছেন বেইজিং অলিম্পিকে সোনা জয়ী এস্তোনিয়ার জার্ড কান্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১০৫৬ ঘ.