ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিক শেষ হতে আর পাঁচ দিন বাকি। এখনো পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন। মঙ্গলবার ৩৪ সোনা, ২১ রুপা ও ১৮ ব্রোঞ্জসহ তাদের সংগ্রহ ৭৩টি পদক।
৩০ সোনা, ১৯ রুপা ও ২১ ব্রোঞ্জসহ ৭০টি পদক পাওয়া যুক্তরাষ্ট্র বেশ পিছিয়েই পড়েছে চীনের চেয়ে। ২২ সোনা এবং ১৩টি করে রুপা ও ব্রোঞ্জসহ ৪৮টি পদক নিয়ে তৃতীয় স্থানে থাকা স্বাগতিক যুক্তরাজ্য ব্যবধান কমিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে।
টেবিল টেনিস
মহিলা দ্বৈতে জাপানের সায়াকা হিরানো ও কাসোমি ইশিকাওয়াকে হারিয়ে সোনা জিতেছেন চীনের গয়ো ইউই ও লি জিয়াওজিয়া। বেইজিং অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন ইউই। কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সিঙ্গাপুর।
ট্রায়াথলন
পুরুষদের ট্রায়াথলনে যুক্তরাজ্যের অ্যালিস্টার ব্রাউনলি সোনা ও জোনাথন ব্রাউনলি ব্রোঞ্জ জিতেছেন। দুই ভাইয়ের মাঝখানে থেকে স্পেনের হাভিয়ের গোমেজ জিতেছেন রুপা।
সাইক্লিং
পুরুষদের কিরিনে সোনা জিতেছেন যুক্তরাজ্যের ক্রিস হয়। জার্মানির ম্যাক্সিমিলান রুপা এবং নিউজিল্যান্ডের সাইমন ভ্যান ভেলটোভ্যান ও নেদারল্যান্ডসের টিউন মোল্ডার ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের অমনিয়ামের সোনা যুক্তরাজ্যের লরা ট্রটের। যুক্তরাজ্যের সারাহ হ্যামার রুপা ও অস্ট্রেলিয়ার আনেত্তি এডমুন্ডসন ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ¯িপ্রন্টে বাছাই পর্বে অলিম্পিক রেকর্ড গড়লেও ফাইনালে অস্ট্রেলিয়ার আন্না মেয়ার্সের কাছে হেরে রুপা জিতেছেন যুক্তরাজ্যের ভিক্টোরিয়া পেন্ডেলটন। ব্রোঞ্জ জিতেছেন চীনের শুয়াং গাও।
সেইলিং
পুরুষদের আরএস-এক্স ইভেন্টে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের ডরিয়ান ভ্যান রিজসেলবার্গ। যুক্তরাজ্যের নিক ডেম্পসি রুপা ও পোল্যান্ডের প্রজেমি¯¬ মায়ারসিজিস্কি ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের আরএস-এক্স ইভেন্টে স্পেনকে প্রথম সোনা এনে দিয়েছেন ম্যারিনা নেইরা আলাবাও। ফিনল্যান্ডের তুলি পেটাজা রুপা ও পোল্যান্ডের জুফিয়া নচেটি-ক্লয়েপাকা ব্রোঞ্জ জিতেছেন।
সিনক্রোনাইজড সুইমিং
৯৮.৯০০ স্কোর করে বেইজিং অলিম্পিকের সোনা ধরে রেখেছেন বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার নাতালিয়া ইসচেঙ্কো ও সভেৎলানা রোমাশিনা। ৯৬.৯০০ স্কোর করে স্পেনের আন্দ্রেয়া ফাচে ফুয়েন্তেস ও ওনা বালেস্তেরো কার্বোনেল রুপা ও ৯৬.৭০০ স্কোর করে চীনের জুয়েচেন হাং ও ওয়ো লিও ব্রোঞ্জ জিতেছেন।
ইকুয়েস্ট্রিয়ান
পুরুষদের ড্রেসেজে সোনা জিতেছে যুক্তরাজ্য। জার্মানি রুপা ও নেদারল্যান্ডস ব্রোঞ্জ জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১০১২ ঘ.
bdnews24