ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার অলিম্পিকের জিমন্যাস্টিকসে আরো দুটি সোনা জিতেছে চীন। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র জিতেছে একটি করে সোনা।
পুরুষদের প্যারালাল বারে সোনা জিতেছেন চীনের ঝি ফেং। ১৫.৯৬৬ স্কোর করে তিনি পেছনে ফেলেছেন জার্মানির মাইকেল নগুয়েন (১৫.৮০০) ও ফ্রান্সের হ্যামিল্টন স্যাবোটকে (১৫.৫৬৬)।
পুরুষদের হরাইজন্টাল বারে ১৬.৫৩৩ স্কোর করে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের এপকে জনডারল্যান্ড। অলিম্পিকে এই ইভেন্টে ডাচদের প্রথম সোনা এলো তার সৌজন্যেই। ১৬.৪০০ স্কোর করে জার্মানির ফ্যাবিয়ান হাম্বোচেন্ট রুপা ও ১৬.৩৬৬ স্কোর করে চীনের কাই জুও ব্রোঞ্জ জিতেছেন।
মেয়েদের বিমে সোনা-রুপা দুটোই জিতেছেন চীনের জিমন্যাস্টরা। ১৫.৬০০ স্কোর করে লু সুইকে (১৫.৫০০) পেছনে ফেলে সোনা লিনলিন ডেংয়ের। এবারের অলিম্পিকে এটি লিনলিনের দ্বিতীয় সোনা। ১৫.০৬৬ স্কোর করে ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের আলেক্সান্দ্রা রেইসম্যানের।
তবে ফ্লোর এক্সারসাইজে শেষ হাসি রেইসম্যানেরই। ১৫.৬০০ স্কোর করে সোনা জিতেছেন তিনি। ১৫.২০০ স্কোর করে রোমানিয়ার ক্যাটালিনা পুনর রুপা ও ১৪.৯০০ স্কোর করে রাশিয়ার আলিয়া মুস্তাফিনা ব্রোঞ্জ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২৪ঘ.
bdnews24