ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জ এমএফএসের আলোচিত ম্যাচটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। দীর্ঘ তিন মাস তদন্তের পর বিশেষ কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ম্যাচটি যে পাতানো ছিলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত ২৫ এপ্রিল ম্যাচটি হওয়ার পরদিন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট, খেলার ভিডিও ফুটেজ এবং একজন ফুটবল বিশেষজ্ঞের মতামতের ওপর ভিত্তি করে তদন্তে নামে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হুমায়ুন খালিদের নেতৃত্বাধীন বিশেষ কমিটি।
ঐ ম্যাচে ব্রাদার্স ৪-১ গোলে হেরে যায়। ম্যাচটি নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট প্রকাশিত হয় মিডিয়ায়। অথচ বিশেষ কমিটি কোনো ‘গোলমাল’ খুঁজে পায়নি! তাদের দাবি, পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবে আরো গভীরে গিয়ে তদন্ত করা সম্ভব হয়নি।
বিশেষ কমিটি অবশ্য মনে করে, ম্যাচটি যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। খেলোয়াড়দের পারফরম্যান্সও ঠিক স্বাভাবিক ছিলো না। তবে তাদের মতে, একটি দলের পারফরম্যান্স যে সবসময় ভালো হবেই, তারও কোনো নিশ্চয়তা নেই!
বাফুফের পেশাদার লিগ কমিটিও তাদের সঙ্গে একমত। কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, “তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে বলেই আমরা বিশ্বাস করি।”
বিশেষ কমিটি এই প্রতিবেদনে কিছু সুপারিশও করেছে বাফুফেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিকে এই কমিটিতে রাখা, সংশ্লিষ্ট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার মোবাইল ফোনের কথাবার্তা সংগ্রহ করা এবং আন্তর্জাতিক ফুটবলের আদলে তদন্ত করার সুপারিশ জানানো হয়েছে।
আলোচিত ম্যাচটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দিনেই বোমা ফাটিয়েছেন আমের খান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ব্রাদার্স ইউনিয়নের ব্যবস্থাপক স্বীকার করেছেন, তার দল পাতানো ম্যাচ খেলার সঙ্গে জড়িত!
তিনি বলেন, “অনেক সময় রাজনৈতিক চাপের কাছে আমাদের নতি স্বীকার করতে হয়। আবাহনীর সঙ্গে যেমন একটি ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমরা।”
“শুধুমাত্র অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলগুলোর ক্ষেত্রে পাতানো খেলার তদন্ত হয়। কিন্তু শিরোপা লড়াইয়ে থাকা দলগুলোর সন্দেহজনক ম্যাচ নিয়েও তদন্ত করা উচিত। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, ” যোগ করেন আমের খান।
ব্রাদার্স ব্যবস্থাপকের এই মন্তব্যে নড়েচড়ে বসেছেন ফুটবল কর্মকর্তারা। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, “বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে। প্রয়োজনে আবাহনী-ব্রাদার্সের ঐ ম্যাচ নিয়েও আমরা তদন্ত করবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৫ঘ.
bdnews24