ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে ক্রিস্টিন সিনক্লেয়ারের হ্যাটট্রিকের পরও কানাডাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে অলিম্পিকের মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার জাপানের বিপক্ষে ফাইনালে খেলবে অলিম্পিকের সবচেয়ে সফল দলটি।
৩ বার এগিয়ে গিয়েও রক্ষণভাগের ব্যর্থতায় হার মেনেই বিদায় নিতে হয় দ্বিতীয়বারের মতো অলিম্পিকে খেলতে আসা কানাডাকে।
১৯৯৬ সালে অলিম্পিকে মহিলা ফুটবল অন্তর্ভূক্ত হওয়ার পর থেকে এ নিয়ে টানা পাঁচটি অলিম্পিকের ফাইনালে উঠলো যুক্তরাষ্ট্র। ২০০০ সালে এথেন্স অলিম্পিকের ফাইনালে হারলেও বাকি তিনটিতেই সোনা জিতেছে দেশটি।
২৩ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে কানাডাকে এগিয়ে নেন সিনক্লেয়ার। গোল পরিশোধে মরিয়া যুক্তরাষ্ট্র প্রথমার্ধে চারটি সুযোগ তৈরি করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় এর একটিও সফল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর আরও চাপ তৈরি যুক্তরাষ্ট্র। ফল পেতেও বেশি দেরি হয়নি। ৫৪ মিনিটে মেগান রেপিনোর গোলে সমতা ফেরায় দলটি।
১৩ মিনিট পরে আবারো গোল করে ব্যবধান বাড়ান সিনক্লেয়ার। ৭০ মিনিটে মেগানের দ্বিতীয় গোলে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র।
৭৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন সিনক্লেয়ার। এবারও গোল পরিশোধে বেশি সময় নেয়নি যুক্তরাষ্ট্র। ৮০ মিনিটে অ্যাবি ওয়ামবাচের গোলে সমতা ফেরায় তারা।
শেষ ১০ মিনিটে কোনো দলই আর গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সবাই যখন টাইব্রেকার দেখার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই গোল করে ফাইনাল নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ইনজুরি সময়ে (১২৩ মিনিট) মহাদেশীয় প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে গোলটি করেন আলেক্স মরগান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১১১ ঘ.
bdnews24