২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমন্যাস্টিকসে ব্রাজিলকে সোনা এনে দিলেন জেনেত্তি

অলিম্পিকের ইতিহাসে জিমন্যাস্টিকসে ব্রাজিলকে প্রথম সোনা এনে দিলেন আর্থার জেনেত্তি। পুরুষদের রিং ইভেন্টে চমক দেখিয়ে তিনি পেছনে ফেলেছেন সাবেক চ্যাম্পিয়ন চীনের ইবিং চেনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -অলিম্পিকের ইতিহাসে জিমন্যাস্টিকসে ব্রাজিলকে প্রথম সোনা এনে দিলেন আর্থার জেনেত্তি। পুরুষদের রিং ইভেন্টে চমক দেখিয়ে তিনি পেছনে ফেলেছেন সাবেক চ্যাম্পিয়ন চীনের ইবিং চেনকে। সোমবার জেনেত্তির সোনা জয় এতটাই অপ্রত্যাশিত ছিল যে, নর্থ গ্রিনউইচ এরেনায় হঠাৎ ব্রাজিলের গুটিকয়েক সমর্থক সবুজ হলুদ পতাকা নিয়ে উচ্ছাসে ফেটে ওঠার পর ফলাফল নজরে আসে স্টেডিয়ামভর্তি মানুষের। পর্দায় পয়েন্ট ১৫ দশমিক ৯০ উঠতেই সমর্থকদের দিকে ছুটে যান ২২ বছর বয়সী জেনেত্তি। এক সমর্থকের কাছ থেকে ব্রাজিলের পতাকা নিয়ে স্টেডিয়াম চক্কর দিয়ে জানান দেন ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগামী অলিম্পিক আসরের। মাত্র দশমিক ১ পয়েন্ট (১৫.৮০০) কম নিয়ে চীনের ইবিং চেন রূপা এবং ইতালির মাত্তেও মুরান্দি (১৫.৭৩৩) ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের আনইভেন বারসে ১৬.১৩৩ স্কোর করে সোনা জিতেছেন রাশিয়ার আলিয়া মুস্তাফিনা। চীনের কেজিন হি (১৫.৯৩৩) রূপা ও যুক্তরাজ্যের এলিজাবেথ টেডওয়েল (১৫.৯১৬) ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ভল্টের সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইয়াং হাক সিওন (১৬.৫৩৩ পয়েন্ট)। রূপা জিতেছেন রাশিয়ার দেনিস আবলিয়াজিন (১৬.৩৯৯) এবং ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ইগর রাদিভিলভ (১৬.৩১৬)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১০১ ঘ.