২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিনবায়েভাকে ছাড়িয়ে পোল ভোল্টে সোনা জেনিফারের

দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইসিনবায়েভাকে হতাশায় ডুবিয়ে পোল ভোল্টে সোনা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার সাহর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 04:39 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের কাছে পোল ভোল্টের সোনা হারিয়েছেন বিশ্ব রেকর্ডধারী রাশিয়ার এলেনা ইসিনবায়েভা। সোমবার দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইসিনবায়েভাকে হতাশায় ডুবিয়ে সোনা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার সাহর। ১৭ বার বিশ্ব রেকর্ড ও ১৩ বার ইনডোর বিশ্ব রেকর্ড ভাঙ্গা ইসিনবায়েভা ৪ দশমিক ৭০ মিটার লাফিয়ে জিতেছেন ব্রোঞ্জ। ৪ দশমিক ৭৫ মিটার লাফিয়ে সোনা জেতার পর বিশ্বাসই হচ্ছিল না জেনিফারের, অনেকের মতে সর্বকালের সেরা পোলভোল্টার ইসিনবায়েভাকে হারিয়েছেন তিনি। সোনা জেতার সুযোগ ছিল ৪.৭৫ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড স্পর্শ করে রূপা জেতা কিউবার ইয়ারিসলি সিলভার সামনেও। কিন্তু তিন বারের চেষ্টায়ও ৪ দশমিক ৮০ উচ্চতা অতিক্রমে ব্যর্থ হন তিনি। বেইজিং অলিম্পিকে ইসিনবায়েভার পেছনে থেকে রূপা জিতেছিলেন জেনিফার। পোল ভল্টের চেয়েও বড় অঘটন ঘটেছে পুরুষদের ৪০০ মিটারে। সেখানে অঘটনের শিকার স্বয়ং যুক্তরাষ্ট্র। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর এই প্রথম এই ইভেন্টে সোনা হারিয়েছে দেশটি। মস্কো অলিম্পিকে অংশই নেয়নি দেশটি। ১৯৮৮ ও সর্বশেষ দুই অলিম্পিকে তিনটি পদকই ঘরে তুলে নেয়া যুক্তরাষ্ট্রের কেউ এবার ফাইনালেই পৌঁছাতে পারে নি। এ ইভেন্টে ৪৩ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে গ্রেনাডাকে প্রথম সোনা এনে দিয়েছেন কিরানি জেমস। ৪৪.৪৬ সেকেন্ড সময় নিয়ে ডমিনিকার লুগইলিন স্যান্টোস রুপা ও ৪৪.৫২ সেকেন্ড সময় নিয়ে ত্রিনিদাদ ও টোবাগোর লালোন্ডি গর্ডন ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ৪০০ মিটার হার্ডেলসে ব্যক্তিগত সেরা টাইমিংয়ের পরও রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রের মাইকেল টিনস্লেকে (৪৭.৯১)। মৌসুম সেরা টাইমিং করে তাকে বেশ পেছনে ফেলে ডমিনিকাকে প্রথম সোনা এনে দিয়েছেন ফেলিক্স সানচেজ। ৪৭.৬৩ সেকেন্ড টাইমিং করে এথেন্স অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন সর্বশেষ দুই অলিম্পিকে ডমিনিকার পতাকাবহন করা এই তারকা অ্যাথলেট। ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন পুয়ের্তো রিকোর হাভিয়ার কুলসন। ব্যক্তিগত সেরা টাইমিং করে মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজে রাশিয়াকে সোনা এনে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইউলিয়া জারিপোভা। ৯ মিনিট ৬.৭২ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছান তিনি। ৯ মিনিট ৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে রূপা জিতেছেন তিউনিশিয়ার হাবিবা ঘরিবি। ৯ মিনিট ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইথিওপিয়ার সোফিয়া আসেফা। মহিলাদের শট পুট বা গোলক নিক্ষেপে সোনা জিতেছেন বেলারুশের নাদজেয়া অস্টাপচুক (২১.৩৬ মিটার)। নিউজিল্যান্ডের ভ্যালেরি অ্যাডামস (২০.৭০) রূপা ও রাশিয়ার এভজেনিয়া কোলোডকো (২০.৪৮) ব্রোঞ্জ জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১০৩০ ঘ.