২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ফুটবলের ফাইনালে জাপান

বিশ্বকাপ চ্যাম্পিয়ন জাপানের মেয়েদের সামনে এখন অলিম্পিক ফুটবলের শিরোপার হাতছানি। সোমবার প্রথম সেমিফাইনালে জাপান ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ চ্যাম্পিয়ন জাপানের মেয়েদের সামনে এখন অলিম্পিক ফুটবলের শিরোপার হাতছানি। সোমবার প্রথম সেমিফাইনালে জাপান ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছে। মেয়েদের অলিম্পিক ফুটবলে এটাই জাপানের প্রথম ফাইনালে উত্তরণ। ফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী। সোমবার লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই জাপানের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে অলিম্পিকে প্রথম বারের মতো খেলার সুযোগ পাওয়া ফ্রান্সের মেয়েরা। প্রথম ৩০ মিনিটে অন্তত তিন বার নিশ্চিত বিপদ থেকে জাপানকে বাঁচান গোলরক্ষক ফুকুমোতো মিহো। ৩২ মিনিটে খেলার ধারার বিপরীতে পাল্টা আক্রমণ থেকে জাপানকে এগিয়ে দেন ওগিমি ইউকি। বিরতির আগে আরো দুটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় সমতা ফেরাতে পারেনি ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের সম্পূর্ণ অন্য চেহারা। প্রথম চার মিনিটে তিনটি আক্রমণ করে তারা কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণভাগ। তারই একটি থেকে ৪৯ মিনিটে ব্যবধান ২-০ করেন সাকাগুচি মিজুহো। ৭৬ মিনিটে ইউজেনি লা সমার ব্যবধান কমালেও জাপানের ফাইনালের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩৫ঘ.