২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম মানবী ফ্রেসার-প্রাইস

মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টের সোনা জিততে জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস সময় নিয়েছেন ১০.৭৫ সেকেন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 02:56 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে জিতে আবারো বিশ্বের দ্রুততম মানবী জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস। বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যামেলিয়া জেটার (১০.৭৮ সেকেন্ড) ও জ্যামাইকার ভ্যারোনিকা ক্যাম্পবেল-ব্রাউনের (১০.৮১) মৌসুম সেরা টাইমিংয়ের পরও ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে সোনা ফ্রেজার-প্রাইসের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক এবং ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার জিতে ডাবল জয়ের অন্যন কৃতিত্ব গড়া ফ্রেজার-প্রাইসের সময়টা ভালো যাচ্ছিলো না। কিন্তু অলিম্পিকের প্রিয় মঞ্চে স্বরূপেই ফিরেছেন তিনি। এর আগে প্রথম রাউন্ড হিটে ১১.০০ সেকেন্ড ও সেমিফাইনালে ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে সবার আগেই দৌঁড় শেষ করেন তিনি। পুরুষদের ১০ হাজার মিটারে ২৭ মিনিট ৩০.৪২ সেকেন্ড সময় নিয়ে অঘটন ঘটিয়ে সোনা জিতেছেন যুক্তরাজ্যের মোহাম্মদ ফারাহ। গত বছর দেগুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা জিতে জানান দিয়েছিলেন তার আগমনী বার্তার। ২৭ মিনিট ৩০.৯০ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের গ্যালেন রুপ রুপা ও ২৭ মিনিট ৩১.৪৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইথিওপিয়ার তারিকু বেকেলে। গত দুই বারের অলিম্পিক সোনাজয়ী ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইথিওপিয়ার কেনেনিসা বেকেলে পদকই পান নি। পুরুষদের লংজাম্পেও সোনা জিতেছে যুক্তরাজ্য। ৮.৩১ মিটার দূরত্ব অতিক্রম করে গ্রেগ রুদারফোর্ড দেশকে সোনা এনে দিয়েছেন। অস্ট্রেলিয়ার মিচেল ওয়াট রুপা ও যুক্তরাষ্ট্রের উইল ক্লেই ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের হেপটাথলনে নতুন জাতীয় রেকর্ড গড়ে যুক্তরাজ্যকে সোনা এনে দিয়েছেন জেসিকা এনিস। ৬৯৫৫ স্কোর করে পেছনে ফেলেছেন জার্মানির লিলি শওয়ারজকফ (৬৬৪৯) ও রাশিয়ার তাতিয়ানা চেরনোভাকে (৬৬২৮)। মহিলাদের ডিসকাস থ্রোয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে ক্রোয়েশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন সান্দ্রা পারকোভিচ। রাশিয়ার দারিয়া পিসচালনিকোভা রুপা ও চীনের লি ইয়ানফেং ব্রোঞ্জ জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৫৩ ঘ.