ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উসাইন বোল্ট, গতির অবিসংবাদিত রাজা। ১০০ মিটার ¯িপ্রন্টের বিশ্ব রেকর্ড (৯.৫৮ সেকেন্ড) এবং অলিম্পিক রেকর্ড (৯.৬৯) দুটোরই গর্বিত মালিক। তবে এখন তার সামনে রাজত্ব ধরে রাখার কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় বোল্ট সফল হবেন কিনা তার উত্তর জানা যাবে রোববার বাংলাদেশ সময় রাত ২টা ৫০ মিনিটে। তখনই পুরুষদের ১০০ মিটারের ফাইনাল।
শনিবার প্রথম রাউন্ডের হিটে জিতে টাইসন গে (১০.০৮ সেকেন্ড), জাস্টিন গ্যাটলিন (৯.৯৭), আসাফা পাওয়েল (১০.০৪) ও ইয়োহান ব্লেক (১০.০০) জানিয়ে দিয়েছেন, বোল্টের (১০.০৯) দুর্গে ফাটল ধরাতে তারা প্রস্তুত।
গত বছর দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘ফলস স্টার্ট’-এর কারণে ‘ডিসকোয়ালিফাইড’ হয়ে যাওয়া কিংবা জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ব্লেকের পেছনে থাকার কারণে কারো-কারো মনে বোল্টের সময় শেষ হওয়ার চিন্তা উঁকি দিতে পারে। লন্ডনে তার সামনে সেই সংশয়বাদীদের দাঁত-ভাঙ্গা জবাব দেয়ার সুযোগ ।
তিনি নিজে অবশ্য প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না। তার ভাবনা জুড়ে শুধুই সুন্দর ‘স্টার্ট’। বিশ্ব রেকর্ড গড়ার সময়েও বলেছিলেন, শুরুটা ভালো হচ্ছে না তার। দায়েগু-কাণ্ডের পর অবশ্য কোচ ‘স্টার্ট’ নিয়ে বেশি না ভাবারই পরামর্শ দিয়েছেন বোল্টকে।
রাজত্ব ধরে রাখার লড়াইয়ে বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্বয়ং তার অনুশীলন-সঙ্গী ব্লেক। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গে, সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন গ্যাটলিন এবং বিশ্বের সাবেক দ্রুততম মানব স্বদেশের পাওয়েলও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।
বোল্টের জন্য কাজটা তাই সহজ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৩ঘ.
bdnews24