ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সঙ্গে তার ছিলো অবিচ্ছেদ্য সম্পর্ক। ধারাভাষ্যকার, খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক নানা ভূমিকায় এই মাঠে বহু বার এসেছিলেন আব্দুল হামিদ। সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামকে শেষ বারের মতো বিদায় জানালেন ক্রীড়াঙ্গনের সবার প্রিয় ‘হামিদ ভাই’।
শনিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তার তৃতীয় ও শেষ জানাজায় ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঢল নামে। শেষ বারের মতো আব্দুল হামিদকে দেখতে ক্রিকেটার, ফুটবলার, অন্যান্য খেলার খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা সমবেত হন জানাজায়। শ্রদ্ধায়-ভালোবাসায় তারা বিদায় জানান তাদের প্রিয় ‘হামিদ ভাই’কে।
জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই প্রবাদ পুরুষকে।
এর আগে গুলশান নিকেতনে বাদ জোহর প্রথম জানাজা এবং গেন্ডারিয়ায় ইস্ট এন্ড ক্লাবে বেলা আড়াইটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের রেডিও-টেলিভিশন ধারাভাষ্যের অন্যতম পথিকৃৎ আব্দুল হামিদের খেলোয়াড়ি-জীবনের শুরু ১৯৫৫ সালে, ঢাকার প্রথম বিভাগ ফুটবলে ইস্ট এন্ড ক্লাবের গোলরক্ষক হিসেবে। জগন্নাথ কলেজের হয়ে নিয়মিত ক্রিকেটও খেলতেন তিনি।
একুশে পদক পাওয়া আব্দুল হামিদের বর্ণাঢ্য সাংবাদিকতা-জীবনের সূচনা ১৯৬০ সালে দৈনিক আজাদের হয়ে। দীর্ঘ দিন দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করা ‘হামিদ ভাই’ মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক আমাদের সময়ের ক্রীড়া সম্পাদক ছিলেন।
দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে এই বরেণ্য ব্যক্তিত্বের জীবনাবসান হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩১০ঘ.
bdnews24