ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারিয়া শারাপোভাকে ৬-০, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে অলিম্পিক টেনিসের মেয়েদের এককের সোনা জিতেছেন সেরেনা উইলিয়ামস। এককে এটিই সেরেনার প্রথম অলিম্পিক সোনা।
স্টেফি গ্রাফের পর মাত্র দ্বিতীয় নারী হিসেবে টেনিসের সবগুলো গ্র্যান্ড স্লাম শিরোপা এবং অলিম্পিকে সোনা জিতে ‘গোল্ডেন স্লাম’ পূরণ করলেন সেরেনা।
এর আগে বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ২০০০ সিডনি ও ২০০৮ বেইজিং অলিম্পিকে মেয়েদের দ্বৈতের সোনা জিতেছিলেন তিনি।
উইম্বলডনের সেন্টার কোর্টে শারাপোভাকে হারাতে মাত্র ৬২ মিনিট সময় নেন ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক সেরেনা। ফাইনালে মাত্র একটি গেম হারা সেরেনা পুরো প্রতিযোগিতায় মাত্র ১৭টি গেম হেরেছেন।
কিছু দিন আগে উইম্বলডনের শিরোপা জেতা সেরেনার এটা টানা সপ্তদশ জয়। শারাপোভাকে টানা ৭ বার হারানোর কৃতিত্বও এই মার্কিন তারকার।
রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪৮ঘ.
bdnews24